নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: সিপিএমের ইতিহাসে এই প্রথম মহিলা জেলা সম্পাদক হলেন দেবলীনা হেমব্রম। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনাদেবীকে সামনে রেখে দুর্দিনে জঙ্গলমহলে লালপার্টি ঘুরে দাঁড়াতে চাইছে। জঙ্গলমহলের অন্যতম বিধানসভা কেন্দ্র রানিবাঁধের প্রাক্তন বিধায়ক ওই নেত্রী জেলা সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় বাঁকুড়ায় প্রমীলা বাহিনী উজ্জীবিত হবে বলে বামেরা মনে করছে। আর জি কর কাণ্ড পরবর্তী পরিস্থিতিতে বিষয়টি সিপিএমকে বাড়তি অক্সিজেন জোগাবে বলেও নেতারা মনে করছেন। তবে ক্ষয়িষ্ণু সংগঠনকে মজবুত করতে না পারলে একদা লাল দুর্গ বাঁকুড়ায় সিপিএমের ঘুরে দাঁড়ানো মুশকিল বলে রাজনৈতিক মহল মনে করছে।
Advertisement
দলের বিদায়ী জেলা সম্পাদক অজিত পতি বলেন, বড়জোড়ায় আমাদের দু’দিনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সম্মেলনের শেষ পর্বে ৬০ জনের জেলা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা দেবলীনা হেমব্রমকে জেলা সম্পাদক হিসেবে নির্বাচিত করেন। তৃণমূলে অত্যাচারের কারণে আমরা গত কয়েক বছরে সাধারণ মানুষের কাছে সেভাবে পৌঁছতে পারিনি। এবার দেবলীনার নেতৃত্বে জেলায় দল সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করবে।
দেবলীনাদেবী বলেন, একমাত্র বাঁকুড়াতেই মহিলা জেলা সম্পাদক নির্বাচন করা হয়েছে। যদিও আমাদের দল ব্যক্তি কেন্দ্রিক নয়। সকলের সহযোগিতায় আমরা সাফল্য পেতে চাইছি।
দেবলীনাদেবী বলেন, একমাত্র বাঁকুড়াতেই মহিলা জেলা সম্পাদক নির্বাচন করা হয়েছে। যদিও আমাদের দল ব্যক্তি কেন্দ্রিক নয়। সকলের সহযোগিতায় আমরা সাফল্য পেতে চাইছি।



