সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তর ও পূর্ব সিকিমের সংরক্ষিত ও নিয়ন্ত্রিত পর্যটন এলাকায় প্রবেশের পারমিট ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাব ঘিরে পর্যটন মহলে জল্পনা শুরু হয়েছে। নাথুলা পাস, চোলামু লেক, ডোকলাম-সহ বিভিন্ন এলাকায় পারমিটের নিয়ম ও ফি কাঠামোয় বদলের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে সিকিম সরকারের তরফে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি। অক্টোবর থেকে নতুন ব্যবস্থা চালু হতে পারে বলে পর্যটন মহলের একাংশে আলোচনা থাকলেও তারও সরকারি নিশ্চয়তা মেলেনি। প্রস্তাবিত ব্যবস্থায় নির্দিষ্ট পর্যটনস্থলের সংখ্যা অনুযায়ী নয়, গাড়ির ধরন অনুযায়ী পারমিট ফি নেওয়ার কথা বলা হয়েছে। উত্তর ও পূর্ব সিকিমের জন্য পৃথক আবেদন করতে হবে। নির্দিষ্ট গাড়ির জন্য এককালীন ফি নেওয়ার প্রস্তাব রয়েছে, যা পর্যটক কতদিন সংশ্লিষ্ট এলাকায় থাকছেন তার সঙ্গে যুক্ত থাকবে না। তবে গাড়ি নির্দিষ্ট জোন থেকে বেরিয়ে গেলে পারমিটের বৈধতা শেষ হবে বলে প্রস্তাবে উল্লেখ রয়েছে। প্রস্তাব অনুযায়ী, উত্তর সিকিমে ১০০০ সিসির নীচের গাড়ির জন্য ১৫০০ টাকা, ১০০০ সিসির বেশি হ্যাচব্যাকের জন্য ২০০০, ট্রাভেলার বা উইঙ্গারের জন্য ৩০০০ এবং বাসের জন্য ৫০০০ টাকা ফি হতে পারে। সিকিমের নম্বরের মোটর সাইকেলের জন্য ৫০০ এবং বাইরের রাজ্যের মোটরসাইকেলের জন্য ১০০০ টাকা প্রস্তাব করা হয়েছে। পূর্ব সিকিমে একই শ্রেণির গাড়ির জন্য প্রস্তাবিত ফি যথাক্রমে ২০০০, ৩০০০, ৫০০০ ও ৭০০০ টাকা। সিআইআই উত্তরবঙ্গের পর্যটন বিভাগের চেয়ারম্যান সম্রাট সান্যাল বলেন, বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। সরকারি নির্দেশিকা প্রকাশের পর পর্যটকদের কোনো সমস্যা হলে প্রয়োজন অনুযায়ী তা সিকিম সরকারের নজরে আনা হবে। হিমালয়ান হসপিটালিটি ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক তন্ময় সান্যাল জানান, পারমিটের অনলাইন ব্যবস্থা নতুন নয়। সিকিমের ট্যুর অপারেটরদের মাধ্যমে পর্যটকদের পারমিটের জন্য অনলাইনে আবেদন করতে হয়। নতুন প্রস্তাব কার্যকর হলে তার বাস্তব প্রভাব সরকারি নির্দেশিকা প্রকাশের পরই স্পষ্ট হবে। আমরা সেদিকে তাকিয়ে রয়েছি। -ফাইল চিত্র



