Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ, চারণ কবি মুকুন্দ দাস প্রতিষ্ঠিত আনন্দময়ী কালীবাড়িতে বিশেষ পুজো

আজ, চারণ কবি মুকুন্দ দাস প্রতিষ্ঠিত আনন্দময়ী কালীবাড়িতে বিশেষ পুজো
  • ১৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সুব্রত ধর, শিলিগুড়ি: ষোড়শ পদ। পাঁচ রকম শাক থেকে পাঁচ রকমভাজা। পোলাও থেকে ডাল, সব্জি। এমন ১৬ রকম পদ দিয়ে আজ, মঙ্গলবার বাংলা নববর্ষে বিশেষ পুজো হবে বিপ্লবী চারণ কবি মুকুন্দ দাস প্রতিষ্ঠিত শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে। সেই সঙ্গে ব্যবসায়ীদের জন্য চাবি ও খাতা পুজোর ব্যবস্থাও থাকবে। এজন্য সবরকম প্রস্তুতি নিয়ে মন্দির কর্তৃপক্ষ। তারা ভোগ বিলির জন্য অগ্রিম কুপনও বিলি করেছে।

Advertisement

আনন্দময়ী কালীবাড়ি সমিতির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস বলেন, এখানে বাংলা নববর্ষের দিনটা কিছুটা অন্য রকমভাবে পালন করা হয়। এজন্য কয়েকদিন আগেই প্রস্তুতি নেওয়া হয়। মায়ের আর্শীবাদে এবং দশের সহযোগিতায় মন্দিরে সব আয়োজন সুষ্ঠুমতো করা হয়েছে।
শিলিগুড়ি তো বটেই, উত্তরবঙ্গের বিভিন্ন মন্দিরের মধ্যে আনন্দময়ী কালীবাড়ি অন্যতম। শহরের মহাবীরস্থানে মন্দিরটি অবস্থিত। প্রায় ৯৯ বছর আগে এই মন্দির স্থাপিত হয়। প্রতি বছরের মতো এবারও বাংলা নববর্ষ উপলক্ষ্যে মন্দিরটি সাজিয়ে তোলা হয়েছে। মন্দির সূত্রে জানা গিয়েছে, নিত্যদিন সকাল সাড়ে ৬টা নাগাদ মন্দিরের দরজা খোলা হয়। নববর্ষ উপলক্ষ্যে মন্দিরের গেট খোলা হবে আধ ঘণ্টা আগে সকাল ৬টা নাগাদ। ওই সময় থেকে পুজোর সূচনা করা হবে। বেলা ১টা পর্যন্ত চলবে চাবি পুজো। রীতি মেনে পুজো সামাল দেবেন পাঁচজন পুরোহিত।
এবার পুজোয় মায়ের কাছে নিবেদন করা হবে ১৬ রকম ভোগ। মন্দির সূত্রে জানা গিয়েছে, নববর্ষ উপলক্ষ্যে মা’য়ের কাছে নিবেদন করা হবে পোলাও, ছোলার ডাল, দু’রকম সব্জি, পাঁচ রকম সাঁক, পাঁচ রকম ভাজা, পায়েস, চাটনি ও মিষ্টি। দুপুর থেকে রাত পর্যন্ত ভক্তদের মধ্যে এই প্রসাদ বিলি করা হবে। আনন্দময়ী কালীবাড়ি সমিতির সাধারণ সম্পাদক বলেন, এই বিশেষ পুজোর ভোগের চাহিদা ব্যাপক। গত বছর ১৮৫০ প্লেট ভোগ বিলি করা হয়েছে। যার অধিকাংশ অগ্রিম বুকিং হয়েছিল। এবার প্রায় দু’হাজার প্লেট ভোট বিলি করা হবে। এজন্য ৭০, ১০০ এবং ১৩০ টাকার প্লেট করা হয়েছে। এরবাইরে দিনভর বিনামূল্যে প্রসাদও বিলি করা হবে।
এদিকে, পয়লা বৈশাখ মানে আম বাঙালির কাছে বিশেষ দিন। বিশেষ করে ব্যবসায়ীরা এই দিনটি থেকে বার্ষিক কারবারের হিসেব-নিকাশের সূচনা করেন। এজন্য অনেকে দোকানে গণেশ পুজো করেন। আবার অনেকে আনন্দময়ী কালীবাড়িতে দোকানের চাবি ও খাতা পুজো করবেন আজ। স্থানীয় ভাষায় যা ‘চাবি পুজো’ হিসেবে পরিচিত। এজন্য মন্দিরে ব্যবসায়ী ও ভক্তদের ভিড় উপচে পড়বে। আনন্দময়ী কালীবাড়ি সমিতির সাধারণ সম্পাদক বলেন, সকাল থেকেও ওই পুজো চলবে। বেলা ১টার পর এক ঘণ্টার জন্য বন্ধ করা হয় মন্দিরের গেট। ২টা থেকে আবার গেট খোলা হবে। পয়লা বৈশাখ উপলক্ষ্যে রাত ১০টা পর্যন্ত মন্দির খোলা থাকবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ