Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

স্পা-এ ম্যাসাজ করাতে গিয়ে ধৃত , কাস্টমারের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টের

স্পা-এ ম্যাসাজ করাতে গিয়ে ধৃত , কাস্টমারের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টের
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ কলকাতার একটি ‘স্পা’-এর আড়ালে চলছিল যৌন ব্যবসা। সেখানে কাস্টমার হিসাবে গিয়েছিলেন এক ব্যক্তি। তাঁর দাবি পিঠে ব্যথার কারণে তিনি ওই ‘স্পা’তে ম্যাসাজ করাতে গিয়েছিলেন। কিন্তু সেখানে পুলিস হানা দেয় এবং যৌন ব্যবসায় যুক্ত বাকিদের সঙ্গে ওই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। যদিও তখনই তিনি পুলিসের কাছে দাবি করেছিলেন, তিনি এসব কিছুর সঙ্গে যুক্ত নন। স্রেফ কাস্টমার হিসাবে ওই ‘স্পা’-তে গিয়েছিলেন তিনি। তবুও তাঁর বিরুদ্ধে মানব পাচার সংক্রান্ত আইন তথা ইমমরাল ট্রাফিক প্রিভেনশন আইনের ধারা যুক্ত করা হয়। এরপর বাধ্য হয়ে পুলিসের এই কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি। বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে তাঁর হয়ে সওয়াল করেন আইনজীবী ইন্দ্রানুজ দত্ত। সওয়ালে তিনি প্রশ্ন তোলেন, স্পা-এর আড়ালে যৌন ব্যাবসা চলছিল, এসব না জেনেই যদি কোনও ব্যক্তি সেখানে যান, তাহলে কী সেই ব্যক্তির বিরুদ্ধে ইমমরাল ট্রাফিক প্রিভেনশন আইনের ধারা যুক্ত করা যায়? পুলিসের তরফে এই বক্তব্যের বিরোধিতা করা হয়। সব পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি দত্ত পাল রায়ে জানিয়েছেন, কেস ডায়েরি থেকে স্পষ্ট ওই স্পা-তে কর্মরত কোনও মহিলা এমনটা দাবি করেননি যে, তাঁদের জোর করে যৌন ব্যবসায় নামানো হয়েছে। তাছাড়া কেস ডায়েরিতেই মামলাকারীকে ওই স্পা-র একজন কাস্টমার হিসাবে দেখানো হয়েছে ফলে তাঁর বিরুদ্ধে ইমমরাল ট্রাফিক প্রিভেনশন আইনের ধারা যুক্ত করা যাবে না। এরপরই তাঁর বিরুদ্ধে পুলিসের দায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।  
Advertisement
সম্পর্কিত সংবাদ