Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাপে কাটা ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিল এমজেএনে

সাপে কাটা ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিল এমজেএনে
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ফালাকাটা: মঙ্গলবার ছিল মাধ্যমিকের ভূগোল পরীক্ষা। ফালাকাটা ব্লকের বীরসা বিদ্যাভবন হাইস্কুলের দুই অসুস্থ পরীক্ষার্থীর সিট পড়েছিল ময়রাডাঙা গোপ্পু মেমোরিয়াল হাইস্কুলে। একজন কোচবিহারের এমজেএন মেডিক্যালে পরীক্ষা দেয়। তাকে সোমবার রাতে সাপে কেটেছিল। অন্যজন পরীক্ষা কেন্দ্রে এসে অসুস্থ হয়ে পড়েছিল। সে সুস্থ হলে পরীক্ষা কেন্দ্রেই পরীক্ষা দেয়। 
Advertisement
সোমবার রাতে তালুকেরটারি গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থী শিখা বিশ্বশর্মা শৌচাগারে গেলে তাকে সাপে কাটে। বাড়ির লোকজন তড়িঘড়ি ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার কিছুটা সুস্থ হলে ছাত্রী পরীক্ষা দিতে ইচ্ছা প্রকাশ করে। এরপর পরিবারের লোকেরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করা হয় ওই ছাত্রীর। শিখার দাদা প্রদীপ বিশ্বশর্মা বলেন, বোন সুস্থ রয়েছে। পরীক্ষা ভালোই দিয়েছে। 
অপরদিকে, ওই স্কুলেরই প্রিয়দর্শিনী বসাক নামে আরএক ছাত্রী এদিন পরীক্ষা কেন্দ্রে আসার পর তার নাক দিয়ে রক্ত বের হলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে মেডিক্যাল টিম প্রাথমিক চিকিৎসা করে। কিছুটা সুস্থ হলে সে নির্দিষ্ট পরীক্ষার্থী কেন্দ্রেই পরীক্ষা দেয়। 
বীরসা বিদ্যাভবন হাইস্কুলের টিআইসি অশোক সরকার বলেন, আমাদের এক ছাত্রীকে সাপে কামড় দিয়েছিল সোমবার রাতে। উপর মহলে কথা বলে ওর পরীক্ষার ব্যবস্থা কোচবিহার মেডিক্যালে করা হয়েছে। আরএক ছাত্রী পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পর অসুস্থ হয়। নাক দিয়ে রক্ত বের হয়। তবে ও নির্দিষ্ট কেন্দ্রেই পরীক্ষা দিয়েছে। 
আলিপুরদুয়ার জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) আশানুর করিম বলেন, শিখা বিশ্বশর্মা নামে ছাত্রীটি যাতে পরীক্ষা দিতে পারে তারজন্য কোচবিহার জেলার মাধ্যমিক পরীক্ষা পরিচালনার দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করি। এমজেএন মেডিক্যালে মেয়েটি পরীক্ষা দিয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ