Bartaman Logo
২৭ মে, ২০২৬

সাপে কামড়ালে জানাতে হবে প্রশাসনকে, নির্দেশ কেন্দ্রের

সাপে কামড়ালে জানাতে হবে প্রশাসনকে, নির্দেশ কেন্দ্রের
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: এবার ‘নোটিফায়েবল ডিজিস’-এর তালিকায় যুক্ত করা হল সাপে কামড়ানো ও তার জেরে মৃত্যুর ঘটনাকেও। সম্প্রতি এই মর্মে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। এই নির্দেশের অর্থ, এবার থেকে সর্পাঘাত ও তার জেরে মৃত্যুর প্রতিটি ঘটনা প্রশাসনকে জানাতে হবে। এসংক্রান্ত তথ্য নথিভুক্ত করার ‘ফর্ম্যাট’ও জানিয়েছে কেন্দ্র। তার ভিত্তিতেই সমস্ত সরকারি, বেসরকারি হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র, ক্লিনিক, নার্সিংহোম, চিকিৎসকদের সর্পাঘাত সংক্রান্ত ঘটনার তথ্য জানাতে হবে। তাতে আক্রান্তের নাম, বয়স, শরীরের কোথায় কামড়েছে, ঘটনাস্থল, প্রাথমিক চিকিৎসা হয়েছে কি না অথবা অ্যান্টি স্নেক ভেনাম দেওয়ার মতো নানাবিধ তথ্য উল্লেখ করতে বলা হয়েছে।  
Advertisement
কিন্তু, কেন এই পদক্ষেপ? মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, সর্পাঘাতের ঘটনা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকার ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অব স্নেকবাইট এনভেনমিং ফ্রম ইন্ডিয়া বাই ২০৩০’ কর্মসূচি চালু করেছে। এর অধীনে ২০৩০ সালের মধ্যে সর্প দংশনে মৃত্যুর ঘটনা অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। এই কর্মসূচি যথাযথ রূপায়ণের জন্য নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ জরুরি। সেকারণেই এই নিয়ে বিস্তারিত তথ্য চাওয়া হচ্ছে। প্রসঙ্গত, ‘নোটিফায়েবল ডিজিস’-এর তালিকায় নাম রয়েছে কলেরা, ডিপথেরিয়া, এনসেফেলাইটিস, প্লেগ, ম্যালেরিয়া, ডেঙ্গু, টিবি, এইডসের মতো রোগ। এবার ওই তালিকায় জায়গা করে নিল সর্প দংশন ও তার জেরে মৃত্যুর ঘটনাও। 
সম্পর্কিত সংবাদ