ফের সাব ইন্সপেক্টর অঞ্জলী ভাটির চরিত্রে ফিরছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। রিমা কাগতির পরিচালনায় কাজ করতে চলেছেন নায়িকা। সৌজন্যে ‘দহাড় ২’। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল ক্রাইম থ্রিলার ‘দহাড়’। সেই সিরিজে সমাদৃত হয়েছে সোনাক্ষীর কাজ। শোনা যাচ্ছে, এবার সিরিজের দ্বিতীয় সিজন তৈরিতে আগ্রহী রিমা। সম্প্রতি ‘সুপারবয়েজ অব মালেগাঁও’ ছবির জন্য প্রশংসা কুড়িয়েছেন তিনি। এই আবহে ওটিটিতে মনোনিবেশ করেছন তিনি। জানা গিয়েছে, ইতিমধ্যে সিরিজের পরের সিজনের চিত্রনাট্যের পরিকল্পনা সেরে ফেলেছেন পরিচালিকা। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাস থেকে শুরু হবে শ্যুটিং। প্রথম সিজনে খলচরিত্রে নজর কেড়েছিলেন অভিনেতা বিজয় ভার্মা। পাশাপাশি গুলশন দেবাইয়া, সৌরভ শাহদের মতো তারকাদের অভিনয়ে সমৃদ্ধ হয়েছিল সিরিজটি। তবে এবার খলচরিত্রে ও পার্শ্ব চরিত্রে কারা থাকবেন, খোঁজ চলছে। আগামী বছর মুক্তি পাবে নতুন সিজন।



