Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আরামবাগে মায়ের অপেক্ষায় ছেলে, আটকে পড়েছেন অভিনেতা খরাজও, প্রাণহানিতে শোকবার্তা শুভেন্দুর, নেপালে ত্রাণসামগ্রী পাঠাল ভারত

নেপালের প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরামবাগে মায়ের অপেক্ষায় ছেলে, আটকে পড়েছেন অভিনেতা খরাজও, প্রাণহানিতে শোকবার্তা শুভেন্দুর, নেপালে ত্রাণসামগ্রী পাঠাল ভারত
  • ২৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ ও কলকাতা: নেপালের প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমাজমাধ্যমে তিনি জানিয়েছেন, কাঠামান্ডুর ভারতীয় দূতাবাস ও নেপাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর চালু করেছে কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ। কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর হল— ১৮০০৩৪৫৫৬৭৮, হোয়াটসঅ্যাপ নম্বর— ৯৮৭৪৯০২৮৮০। ভবানী ভবনের কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বর— ০৩৩২৪৭৯৩৩১১ ও ৯১৪৭৮৯০১৮১। নেপালের ভারতীয় দূতাবাসের ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর হল +৯৭৭৯৮৫১৩১৬৮০৭, +৯৭৭৯৭০৯১০৭৫০০।

Advertisement

এদিকে, বিপর্যয়ের জেরে নেপালে আটকে পড়েছেন সস্ত্রীক অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। সূত্রের খবর, খরাজ পোখরানে শ্যুটিংয়ের কাজে গিয়েছিলেন। বুধবার ফেরার কথা থাকলেও ফিরতে পারেননি। কাল, শুক্রবার গোরক্ষপুর হয়ে তাঁর কলকাতায় ফেরার কথা রয়েছে। শুধু কলকাতা নয়, নেপালে ভয়াবহ দুর্যোগের কবলে পড়েছেন আরামবাগের ৬৫ জন পর্যটক। স্থানীয় সূত্রের খবর, তাঁরা ২৪ আগস্ট আরামবাগ থেকে বাসে রওনা দিয়েছিলেন। যদিও তাঁদের মধ্যে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। গত ২৪ আগস্ট আরামবাগের বেনেপুকুর থেকে ছেড়েছিল বাস। সেখানেই ছিলেন স্থানীয় আঢ্যপাড়ার বাসিন্দা সত্তর বছরের কবিতা দত্ত। তাঁর ছেলে দেবগোপাল জানান, বিপর্যয়ের খবর শোনার পর থেকেই তিনি মায়ের সঙ্গে সমানে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে গিয়েছেন, কিন্তু পারেননি। কারণ, নেপালে পৌঁছনোর পর মোবাইলের সিম কার্ডের সমস্যা হচ্ছিল। তবে স্বস্তির খবর হল, কবিতাদেবীদের দলে থাকা এক সদস্যের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন দেবগোপালবাবু। তিনি জানিয়েছেন, আমাদের এক প্রতিবেশীর সঙ্গে বুধবার সন্ধ্যায় কথা হয়েছে। জানতে পেরেছি, মা ভালো আছেন। তাঁরা সকলে কাঠমাণ্ডুর আশাপাশে আছেন বলেই জানা গিয়েছে।’ অন্যদিকে, নেপালের প্রাকৃতিক বিপর্যয়ে ১৩৩ জনেরও বেশি ভারতীয় নিখোঁজ বলে খবর। তার মধ্যে তামিলনাড়ুর ৩৭ জন ও ঈশা ফাউন্ডেশনের ৭৭ জন রয়েছেন বলে খবর। সম্রাট ট্যুরস অ্যান্ড ট্রাভেল এজেন্সি জানিয়েছে, কমপক্ষে ৫৯ জন কৈলাস মানসরোবরে যাত্রা করতে গিয়েছিলেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, নেপালে ইতিমধ্যে ১০ টন ত্রান সামগ্রী পাঠানো হয়েছে। এদিকে, বিপর্যয়ের সকালে নেপালে কম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে সেটি ভূমিকম্প বলেই মনে করা হয়েছিল। পরে বিশেষজ্ঞরা জানান, প্রবল ভূমিধসের জেরেই কম্পন অনুভূত হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ