৬২ বছরের জন্মদিন। তারকাদের মাঝে সেলিব্রেট করলেন বলিউড পরিচালক সঞ্জয়লীলা বনশালী। সোমবার মুম্বইতে এক অনুষ্ঠানে আলিয়া ভাট, রণবীর কাপুর, ভিকি কৌশলের উপস্থিতিতে কেক কাটেন পরিচালক। তাঁকে ‘ম্যাজিশিয়ান’ বলে সম্বোধন করে শুভেচ্ছা জানিয়েছেন তারকারা। সঞ্জয়ের ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিতে অভিনয় করছেন আলিয়া, রণবীর ও ভিকি। নায়িকা জানিয়েছেন, শ্যুটিংয়ের মাঝে অল্প বিরতি নিয়ে নাকি তাঁরা পরিচালকের জন্মদিন উদযাপন করেছেন। কেক কাটার পর্ব মিটতেই ফের শ্যুটিংয়ে ফিরেছেন তাঁরা। দীর্ঘ কেরিয়ারে বহু শিল্পীকে নিয়ে কাজ করেছেন সঞ্জয়। তাঁর হাতে গল্প, চিত্রনাট্য এক অন্য মাত্রা পায়। ছবির মাধ্যমে দর্শকদের যেন এক অন্য জগতে পৌঁছে দেন তিনি। সঞ্জয়ের হাতে এলে কম গুরুত্বপূর্ণ চরিত্রও সাবলীল হয়ে ওঠে। পরিচালকের হাতে গড়ে ওঠা সেসব চরিত্রদের প্রাণ প্রতিষ্ঠা করেছেন বলি মহলের নানা শিল্পী। তাঁরা দিনভর সমাজমাধ্যমে সঞ্জয়কে শুভেচ্ছা জানিয়েছেন।



