Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সোনারপুরে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী

সোনারপুরে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ঘর থেকে উদ্ধার স্ত্রীর গলা কাটা এবং স্বামীর ঝুলন্ত মৃতদেহ। শনিবার সকালে সোনারপুর দু’নম্বর পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে ঘটেছে এই ঘটনা। দম্পতির আড়াই বছরের শিশু সন্তান রয়েছে। পুলিস খবর পেয়ে দেহ দু’টি উদ্ধার করার পর ওই শিশুকে হোমে পাঠানোর ব্যবস্থা করে। তদন্তকারীদের অনুমান, দাম্পত্য কলহে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী। মৃতদের নাম শশধর হালদার (৩৪) ও পায়েল হালদার (২৪)। শশধর পেশায় ট্রেনের হকার। জানা গিয়েছে, এদিন সকাল থেকে দম্পতির আড়াই বছরের শিশুটি কেঁদেই চলেছিল। প্রথমে গুরুত্ব না দিলেও পরে প্রতিবেশীরা ঘরের সামনে গিয়ে তার বাবা-মায়ের নাম ধরে বিস্তর ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি। সন্দেহ হওয়ায় একজন ঘরের মধ্যে উঁকি দেন। আর তখনই তিনি দেখেন, বিছানার উপর গলাকাটা অবস্থায় পড়ে আছেন পায়েল আর সিলিং থেকে ঝুলছেন শশধর। খাটের চাদর রক্তে ভিজে গিয়েছে। বিছানাতেই পড়েছিল একটি রক্তাক্ত ছুরি।
Advertisement
পুলিস সূত্রে খবর, এর আগে শশধর ও পায়েল ঢোলাহাট থানা এলাকায় বাস করতেন। আট মাস আগে তাঁরা সোনারপুরে একটি ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। প্রতিবেশীদের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে ছোটখাট অশান্তি লেগে থাকলেও কোনওদিন বড় অশান্তি দেখা যায়নি। পায়েলের বাবা পরেশচন্দ্র সর্দার বলেন, জামাই আমার মেয়েকে খুন করেছে। আমার মেয়ের উপর যখন-তখন অত্যাচার করত শশধর। এর আগে ঢোলাহাটে থাকার সময় একবার ওর হাতের শিরা কেটে দিয়েছিল। সেবার একমাস জেল হয়েছিল। তারপর হাতে-পায়ে ধরে আবার সংসার করা শুরু করে। এমন হবে জানলে মেয়েকে আর ওর সঙ্গে থাকতে দিতাম না।
সম্পর্কিত সংবাদ