সংবাদদাতা, বিষ্ণুপুর: সোনামুখীতে বধূ খুনের অভিযোগে ধৃত মৃতার স্বামী ও শ্বশুরকে শনিবার বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করল পুলিস। ধৃত মৃতার স্বামী তাপস লোহারকে পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন বিচারক। শ্বশুর শ্যামল লোহারকে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে। পুলিস জানিয়েছে, বধূর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাই জিজ্ঞাসাবাদ করা হবে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে সোনামুখীর পানাশোল গ্রামের বাসিন্দা গৃহবধূ রানু লোহারের মৃত্যু হয়। অসুস্থতার কারণে বাড়িতেই স্ত্রীর মৃত্যু হয়েছে বলে সকলকে জানায় মৃতার স্বামী তাপস লোহার। তারপর মৃতদেহ সৎকারের জন্য তড়িঘড়ি শ্মশানে নিয়ে চলে যায়। মৃতদেহ বয়ে নিয়ে যাওয়ার জন্য তার বাবা শ্যামল লোহারকেও ডেকে নেয়। কিন্তু, শ্মশানে নিয়ে যাওয়ার পর মৃতার গলায় দাগ দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তারপরেই থানায় খবর দেওয়া হয়। মৃতদেহ চিতায় তোলার আগেই পুলিস শ্মশানে পৌঁছয়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকেই তাপস ও তার বাবা শ্যামলকে আটক করা হয়। মৃতার মায়ের অভিযোগের ভিত্তিতে প্রথমে তাপসকে গ্রেপ্তার করা হয়। পরে শ্যামলকেও গ্রেপ্তার করা হয়। শনিবার দু’জনকেই বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়।



