Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সিঙ্গুরের ভুল থেকে শিক্ষা, কৃষক  সভার গুরুত্ব বাড়ছে আলিমুদ্দিনে

সিঙ্গুরের ভুল থেকে শিক্ষা, কৃষক  সভার গুরুত্ব বাড়ছে আলিমুদ্দিনে
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিকড়ে ফিরতে চাইছে সিপিএম। কৃষক, শ্রমিক, খেতমজুর, বস্তিবাসীদের সঙ্গে নিয়ে ব্রিগেডের ডাক দিয়েছে বামেরা। শুধু তাই নয়, খেটে খাওয়া গরিব মানুষকেও গুরুত্ব দিতে চাইছে পার্টি। জেলা সম্মেলনগুলিতে কৃষক-শ্রমিকদের সংগঠন নিয়ে আলাদা প্রস্তাবও দেওয়া হয়েছে। এককালে অভিযোগ উঠেছিল, সিঙ্গুরে জমি নেওয়ার সময় কৃষক সভার রিপোর্ট কানে তোলেননি প্রশাসক বুদ্ধদেব ভট্টাচার্য। এখন দিন পাল্টেছে। সূত্রের খবর, আলিমুদ্দিনে নিয়মিত রিপোর্ট আদান প্রদান করছে কৃষক সভা। ব্রিগেড সমাবেশকে সামনে রেখে দু’মাস ব্যাপী প্রচারে ছাত্র-যুবদেরও ব্যবহার করার চেষ্টা চালাচ্ছে কৃষক-শ্রমিক সংগঠনগুলো।
Advertisement
দিনকয়েক আগেই কলকাতায় সারা ভারত কৃষক সভার সম্মেলন হয়ে গেল। সূত্রের খবর, অমরা রাম, বিজু কৃষ্ণনরা কৃষক-শ্রমিকদের ঐক্যবদ্ধ করার ডাক দিয়েছেন। সংগঠনগুলির মধ্যে সমন্বয় রেখে গ্রামে গ্রামে কৃষক-শ্রমিকদের লড়াই-সংগ্রামে ফিরিয়ে আনার কথাও বলেছেন। কিন্তু পাঞ্জাব-হরিয়ানায় কৃষক আন্দোলন যেভাবে তীব্রতর হয়েছে, বাংলায় সেই অর্থে করা যায়নি। এক কৃষক নেতার কথায়, বাংলার কৃষকদের সমস্যা আলাদা। বাইরের রাজ্যের আন্দোলনের কথা বাংলায় প্রচার করা হয়েছে। কিন্তু সেইভাবে হয়ে ওঠেনি। সেই নেতার কথায়, একথা ঠিকই প্রান্তিক-গরিব মানুষরা একটা শক্তির উপর ভরসা করতে চায়। সেই শক্তির অভাব বোধ করেছেন তাঁরা। কিন্তু একটা সময় সিঙ্গুরের জমি অধিগ্রহণের বিষয় নিয়ে কৃষক সভার রিপোর্ট প্রশাসক বুদ্ধদেব ভট্টাচার্য শোনেননি বলেই অভিযোগ ওঠে। 
এখন কি পার্টি অবস্থান পাল্টেছে? রাজ্যের কৃষক নেতা তুষার ঘোষ বলেন, ‘সেইসময় সম্মেলনে আলোচনা হয়েছিল। স্লোগান নির্ভুল কিন্তু প্রয়োগের ক্ষেত্রে ভুল হয়েছিল। তার খেসারত এখন দিতে হচ্ছে, বিষয়টা এমন নয়।’ তুষারবাবু আরও বলেন, ‘আমরা পার্টির মধ্যে অনুভব করছি, শ্রমিক-কৃষককে পাশে দরকার।’ শুধু ব্রিগেডের মাঠে নয়, ভোট বাক্সে শূন্যের তকমা কাটাতে কৃষক-শ্রমিক আদৌ সিপিএমকে অক্সিজেন দেবে কি না, তা সময়ই বলবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ