নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: আজ বুধবার চন্দননগরের একাধিক জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে উদ্বোধন হবে ভার্চুয়ালি। উর্দিবাজার সর্বজনীন ও বেশোহাটার পুজো মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন। পরিকল্পনা চূড়ান্ত হয়ে গিয়েছে। সঙ্গে আরও কিছু পুজোর উদ্বোধন তিনি করবেন।
Advertisement
চন্দননগর তো আছেই। জগদ্ধাত্রী পুজো ছড়িয়ে পড়েছে হুগলিজুড়ে। পঞ্চাশ বছর পার করেছে সিঙ্গুরের রতনপুরের উদয়সঙ্ঘের জগদ্ধাত্রী পুজো। এদিন রজতজয়ন্তী বর্ষ উপলক্ষ্যে উদ্যোক্তারা এলাকা পরিক্রমার আয়োজন করেছিলেন। ছিলেন অভিনেত্রী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সহ বিশিষ্টরা। ওই পুজো বর্তমানে মন্ত্রী বেচারামের পুজো হিসেবেই পরিচিত। ফলে, মিছিলের জৌলুসও ছিল নজরকাড়া। বেচারাম বলেন, এটি সিঙ্গুরের অন্যতম ঐতিহ্যময় পুজো। বহু মানুষের আবেগ ও উৎসাহ পুজোতে জড়িয়ে আছে। এদিন মানুষের বিপুল উচ্ছ্বাস তা প্রমাণ করেছে। চন্দননগরের পুজো প্রাচীন সন্দেহ নেই কিন্তু আবেগের ধারা যে হুগলির অন্যত্রও বইছে তা সাংসদ নিজের চোখে দেখে গিয়েছেন। এদিন রচনা চুঁচুড়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনও করেন। ওই পুজোর অন্যতম পৃষ্ঠপোষক রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সপ্তগ্রামের বর্তমান বিধায়ক তপন দাশগুপ্ত। সাংসদ এদিন পাণ্ডুয়ার তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জয় ঘোষের জগদ্ধাত্রী পুজো উদ্বোধনেও গিয়েছিলেন। সেখানে তিনি বলেন, আমি জগদ্ধাত্রী পুজোতে থাকতে পারব না। বিশেষ কাজ আছে। তবে মায়ের কাছে চাইব, আমার সংসদীয় এলাকার মানুষ ভালো থাকুন। -নিজস্ব চিত্র



