Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সন্দেশ নির্মাণের পরিকাঠামো খতিয়ে দেখতে সন্দেশখালিতে জেলাশাসক

সন্দেশ নির্মাণের পরিকাঠামো খতিয়ে দেখতে সন্দেশখালিতে জেলাশাসক
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সন্দেশ হাব তৈরি করতে রবিবার সন্দেশখালি পরিদর্শন করলেন জেলাশাসক শরদকুমার দ্বিবেদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩০ ডিসেম্বর সন্দেশখালির মিশন মাঠে প্রশাসনিক বৈঠক ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে এসেছিলেন। অনুষ্ঠান থেকেই সন্দেশখালিতে সন্দেশ হাব তৈরি করার কথা ঘোষণা করেন। সেই মতো সন্দেশখালির কোথায়, কীভাবে এই সন্দেশ হাব তৈরি করা যায়, তা খতিয়ে দেখতে এদিন এলাকা পরিদর্শন করলেন জেলাশাসক। সঙ্গে ছিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাত সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিন সন্দেশখালি ২ ব্লকে একটি মিটিং হলেরও উদ্বোধন হয়। সবশেষে এলাকার উন্নয়ন নিয়ে বৈঠক হয়। এদিন জেলাশাসক সন্দেশখালির বেশ কিছু মিষ্টির দোকানে যান। দোকানদারদের সঙ্গে কথা বলেন। 
Advertisement
সন্দেশখালিতে সন্দেশ হাব সঠিকভাবে তৈরি করতে কী কী পরিকাঠামোর প্রয়োজন, তা জানতে এদিন জেলাশাসক মিষ্টির দোকানদার ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এই প্রসঙ্গে বিধায়ক সুকুমার মাহাত বলেন, সন্দেশখালিতে সন্দেশ হাব কীভাবে তৈরি করা যায়, তা খতিয়ে দেখতে এদিন এসেছিলেন জেলাশাসক। আর এনিয়ে জেলাশাসক শরদকুমার দ্বিবেদী বলেন, মিষ্টি দোকানদারদের সঙ্গে কথা বলে বেশ কিছু তথ্য ও নমুনা সংগ্রহ করা হয়েছে। সমস্ত তথ্য নিয়ে একটি বৈঠকও করা হয়েছে। সেই রিপোর্ট পাঠানো হবে দপ্তরে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বেনীমাধব সর্দার বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যদি এই সন্দেশ হাব তৈরি হয়, তাহলে এখানকার বহু মানুষের কর্মসংস্থান হবে। 
সম্পর্কিত সংবাদ