Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সুন্দরবনে নদীতে বসানো হবে জলস্তর মাপার স্বয়ংক্রিয় যন্ত্র

সুন্দরবনে নদীতে বসানো হবে জলস্তর মাপার স্বয়ংক্রিয় যন্ত্র
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এই প্রথম সুন্দরবনের নদীর জলস্তর মাপার অত্যাধুনিক যন্ত্র বসানো হচ্ছে। জোয়ার-ভাটা এবং বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে জলের মাত্রা কতটা উপর-নীচ হচ্ছে, সেটাই বলে দেবে এই যন্ত্র। এটির নাম অটোমেটিক ওয়াটার লেভেল রেকর্ডার (এডব্লুএলআর)। গোসাবার গদখালিতে বিদ্যাধরী নদীতে ইতিমধ্যে যন্ত্রটি বসানো হয়ে গিয়েছে। বাসন্তীর দু’টি জায়গায় তা বসানো হবে বলে ঠিক হয়েছে। স্বয়ংক্রিয় এই যন্ত্র নিজে থেকেই জলের স্তর মেপে সেই তথ্য পাঠিয়ে দেবে ন্যাশনাল হাইড্রোলজি প্রজেক্ট অফিসে। এর আগে কখনও এমন উদ্যোগ নেওয়া হয়নি। সুন্দরবন অঞ্চলে নদীগুলিতে কখন কেমন জল বাড়ছে বা কমছে, সে বিষয়ে তেমন কোনও এতদিন ছিল না। যেহেতু সুন্দরবন অঞ্চলে প্রায়ই দুর্যোগ আসে, তাই আগে থেকে জলস্তর বৃদ্ধির তথ্য জানা থাকলে প্রশাসনের কাজ করতে অনেক সুবিধা হবে। মানুষজনকে সেই মতো সতর্ক করতে পারবে প্রশাসন। এক আধিকারিক জানান, এই যন্ত্রের মধ্যে সেন্সর বসানো রয়েছে। সৌর বিদ্যুতের মাধ্যমে সেটি চার্জ হবে। আলাদা করে কোনও ব্যক্তিকে সেটি পরিচালনা করতে হবে না। জল কখন বাড়ছে, কখন কমছে- সবটাই সে নিজেই রেকর্ড করবে এবং সেটা প্রযুক্তির সাহায্য পৌঁছে যাবে কেন্দ্রে। আপাতত বাসন্তীর হোগল নদীতে বসবে এই যন্ত্র। পরেরটি ঝড়খালিতে বসানোর কথা রয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ