সংবাদদাতা, বসিরহাট: মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে নতুন রূপে গড়ে তোলা হল বনবিবির মন্দির। রবিবার সুন্দরবনের কুড়েখালি নদীর পাড়ে পাথর ও টাইলস দিয়ে মোড়া বনবিবির ঝাঁ চকচকে মন্দিরের উদ্বোধন করলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দেবেশ মণ্ডল, বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি শহিদুল্লা গাজি, পঞ্চায়েত প্রধান শ্যামল মণ্ডল প্রমুখ। দু’বছর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাট মহকুমার টাকিতে এসেছিলেন। তখনই তিনি সুন্দরবনের জঙ্গল লাগোয়া কুড়েখালি নদীর পাড়ে ভাঙাচোরা বনবিবির মন্দিরটি দেখেন। সেখানে পুজোও দেন তিনি। পুজো দিয়ে ফিরে আসার সময় মুখ্যমন্ত্রী এলাকাবাসীদের জানান, মন্দিরটি ভালো করে সংস্কারের জন্য ব্যবস্থা নেওয়া হবে। সেই অনুসারে মন্দিরটি নতুন করে তৈরি করা হল। এদিন নতুন করে গড়ে তোলা মন্দিরের দ্বারোদ্বাটনের পর মন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এলাকার বাসিন্দাদের কথা দিয়েছিলেন যে মন্দিরটি সুন্দরভাবে নির্মাণ করে দেবেন। সেই অনুযায়ী বনবিবি মন্দির তৈরি করা হল। এছাড়া কলকাতা থেকে এক গাড়িতে যাতে সুন্দরবন পৌঁছনো যায়, সেই লক্ষে আপাতত আমরা লেবুখালি এবং ভাণ্ডারখালিতে পল্টন সেতু করার পরিকল্পনা নিয়েছি। ওই মন্দিরের পুরোহিত সহদেব মণ্ডল বলেন, জঙ্গলে মাছ, কাঁকড়া, মধু সংগ্রহে যাওয়ার আগে এখানকার মানুষ বনবিবির থানে পুজো দিয়ে তবেই যান। এই মন্দির সুন্দর করে গড়ার জন্য তাঁদের খুবই সুবিধা হবে। আর স্থানীয় বাসিন্দা সবুজ মণ্ডল বলেন, এই মন্দিরকে ঘিরে এলাকার বাসিন্দাদের পর্যটন ব্যবসা খুব ভালো হবে। নানা জায়গা থেকে এই মন্দির দেখতে আসে মানুষ।



