সংবাদদাতা, বারুইপুর: সুন্দরবনের কলস দ্বীপের কাছে নদীতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন এক মৎস্যজীবী। তাঁর নাম শুকদেব সাপুই (৫৫)। বাঘের মুখ থেকে তাঁকে উদ্ধার করে গ্রামে ফিরিয়ে আনেন সহ মৎস্যজীবীরা। শুকদেববাবু সুন্দরবনের মৈপীঠের নগেনাবাদের বাসিন্দা। জখম অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় নগেনাবাদের এক চিকিৎসাকেন্দ্রে। তারপর তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। ২৯ নভেম্বর নগেনাবাদের বাসিন্দা শুকদেব সাপুই, মনোরঞ্জন সাপুই, বিশ্বজিত মণ্ডল এবং গণেশ মিদ্দে কলস দ্বীপের কাছে কাঁকড়া ধরতে যান। মঙ্গলবার সকালে নৌকা করে কাঁকড়া ধরছিলেন তাঁরা। তখনই জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আচমকা আক্রমণ করে শুকদেবকে। মুখে, পিঠে কামড় দেয়। সঙ্গীরা তখন লাঠি, বৈঠা নিয়ে তেড়ে যান বাঘের দিকে। বাঘ শিকার ছেড়ে জঙ্গলে চলে যায়। এরপরে সঙ্গীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ফিরে আসেন। সংগঠনের এক সদস্য মিঠুন মণ্ডল বলেন, আক্রান্তের পরিবারে স্ত্রী, এক মেয়ে ও দুই নাবালক ছেলে আছে। তাঁদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি।



