রায়পুর: সরকারি প্রকল্পে অভিনব জালিয়াতি ছত্তিশগড়ে। বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে গৃহবধূদের জন্য ‘মাহতারি সম্মান যোজনা’ নামে একটি প্রকল্প রয়েছে ছত্তিশগড় সরকারের। যেখানে মহিলাদের মাসে হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। সেই প্রকল্পেই অভিনেত্রী সানি লিওনির নাম নথিভুক্ত করিয়ে প্রতি মাসে ওই আর্থিক অনুদান পকেটস্থ করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের নাম বীরেন্দ্র যোশি। বাড়ি ছত্তিশগড়ের বস্তার এলাকার তালুর গ্রামে। অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে বীরেন্দ্রর নথিপত্র যাচাইয়ের দায়িত্বে থাকা সরকারি কর্মীদেরও চিহ্নিত করা গিয়েছে। বিষয়টির গভীরে গিয়ে তদন্ত করার জন্য নারী ও শিশুকল্যাণ দপ্তরকে নির্দেশ দিয়ছেন স্থানীয় জেলাশাসক। সেই সঙ্গে অভিযুক্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
Advertisement
রাজ্যের শাসক দল বিজেপি ও বিরোধী কংগ্রেসের মধ্যে তীব্র বাদানুবাদ ছড়ায়। প্রদেশ কংগ্রেস সভাপতি দীপক বৈজ দাবি করেন, ওই প্রকল্পের ৫০ শতাংশ সুবিধাভোগীই ভুয়ো। পাল্টা উপ মুখ্যমন্ত্রী অরুণ সাও জানান, মহিলারা এখন আর্থিক সহায়তা পাচ্ছেন দেখে গাত্রদাহ হচ্ছে কংগ্রেসের।



