Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সময়সীমা অতিক্রান্ত, হিমঘর তৈরি কবে হবে, প্রশ্ন ভাঙড়ে

সময়সীমা অতিক্রান্ত, হিমঘর তৈরি কবে হবে, প্রশ্ন ভাঙড়ে
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কবে শেষ হবে মাল্টিপারপাস বা বহুমুখী হিমঘরের কাজ? এখন সেই দিকেই তাকিয়ে রয়েছেন ভাঙড়বাসী। তাঁদের প্রশ্ন, নির্ধারিত সময়সীমা পার হয়ে গিয়েছে। কেন এখনও কাজ শেষ করে উঠতে পারল না সরকার? সূত্রের খবর, ভাঙড় দু’নম্বর ব্লকে পোলেরহাট ২ পঞ্চায়েত এলাকায় প্রকল্পটি শুরু হয়েছিল গত বছর ফেব্রুয়ারি মাসে। তার থেকে ৫৪০ দিন, অর্থাৎ প্রায় দেড় বছরের মধ্যে হিমঘর নির্মাণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। বর্তমানে ওই এলাকায় গিয়ে দেখা গেল, ভবন তৈরি হয়ে গেলেও ভিতরের পরিকাঠামো নির্মাণের বেশ কিছু কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে। পুরো কাজ শেষ করতে আরও কয়েক মাস লেগে যাবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি নিচু জমিতে এই বহুমুখী হিমঘর তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ঝড়বৃষ্টিতে সেখানে বারে বারে জল জমে যায়, কাজও ব্যাহত হয়। পরবর্তী সময়ে মাটি ফেলে জায়গা উঁচু করা হয়। এসব করতে গিয়ে নির্মাণ কাজ বিলম্বিত হয়েছে। তবে এখন জোরকদমে কাজ শেষ করার প্রক্রিয়া চলছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এই বহুমুখী হিমঘর তৈরি করা নিয়ে ভাঙড়ে গ্রিড বিরোধী আন্দোলন থেকে গড়ে ওঠা জমি রক্ষা কমিটির সঙ্গে জেলা প্রশাসনের দফায় দফায় বৈঠকও হয়েছিল। অবশেষে সরকার তাদের দাবি মেনে হিমঘর তৈরি করতে রাজি হয়। কমিটির অন্যতম নেতা মির্জা হাসান বলেন, এই হিমঘরের চাহিদা বহুদিনের। এখানকার কৃষকদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি খুব শীঘ্রই এই কাজ শেষ হবে। ভাঙড় দু’নম্বর ব্লক প্রশাসন জানিয়েছে, কাজ ঠিকমতোই চলছে। আগামী বছরের মার্চের মধ্যে হিমঘর নির্মাণ হয়ে যাবে। -নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ