সংবাদদাতা, উলুবেড়িয়া: শরৎ অনুরাগীদের গবেষণার কাজকে আরও সহজ করতে বাগনানের সামতাবেড় গ্রামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাটির কাছেই শরৎ সাহিত্য নিয়ে একটি ডিজিটাল গ্রন্থাগার তৈরির প্রস্তাব দিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। বুধবার বিকেলে ৫৩তম শরৎ মেলার উদ্বোধন করতে এসে অমর কথাশিল্পীর পরিবারের সদস্যদের কাছে এই প্রস্তাব দেন পুলক রায়। তিনি বলেন, এখানে গ্রন্থাগার ছাড়াও শরৎ গবেষকদের রাত্রিবাসের ব্যবস্থাও করা হবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপর গবেষণাকে আরও তরান্বিত করাই আমাদের লক্ষ্য। সেকারণে তাঁর বাড়ির পাশে এই গ্রন্থাগার এবং গবেষকদের রাতযাপনের জন্য ঘর গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, পরিবার রাজি হলে সরকার দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে।
Advertisement
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৌত্র জয় চট্টোপাধ্যায় বলেন, প্রস্তাবটি ভালো। লিখিত আকারে পেলে এ নিয়ে আলোচনা করা যাবে। এদিন বিকেলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাটি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। সেটি মেলা প্রাঙ্গণে আসার পর আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন হয়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সুকান্ত পাল, বিদেশ বসু, হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য সহ অন্যান্যরা। মেলা চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। -নিজস্ব চিত্র



