সংবাদদাতা, জঙ্গিপুর: মাত্র এক সপ্তাহের ব্যবধানে ফের উদ্ধার হল জাল নোট। সেই সঙ্গে দুই পাচারকারীও গ্রেপ্তার হয়েছে পুলিসের হাতে। প্রায় দু’ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিস। বুধবার সন্ধ্যায় সামশেরগঞ্জের ধুলিয়ান কলাবাগান গঙ্গা ফেরিঘাট এলাকায় তল্লাশি চালিয়ে ওই দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম খালেক শেখ ও শরিফ শেখ। উভয়েরই বাড়ি মালদহ জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। গঙ্গাঘাট এলাকায় তাদের উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিসের সন্দেহ হয়। তাদের আটক করে তল্লাশি চালাতে প্রায় দু’ লক্ষ টাকা জাল নোট পাওয়া যায়। পুলিস তৎক্ষণাৎ তাদের গ্রেপ্তার করে। ধৃতরা জালনোটগুলো কোথা থেকে আমদানি করে কাকে দিতে যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিস। ধৃতদের বৃহস্পতিবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক উভয়েরই সাত দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন। সামশেরগঞ্জ থানার পুলিস আধিকারিক জানিয়েছেন, দুই যুবককে দেখে সন্দেহ হওয়ায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। তল্লাশি চালিয়ে তাদের ব্যাগ থেকে দু’ লাখ টাকা পাওয়া যায়। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
Advertisement
জানা গিয়েছে, দুই যুবক এদিন সন্ধ্যায় সামশেরগঞ্জের ধুলিয়ান গঙ্গা ফেরিঘাট এলাকায় আসে। নৌকার যাত্রীর সেজেই তারা অপেক্ষা করছিল। আগাম খবর পেয়ে সেখানে আগে থেকেই ওঁত পেতে ছিল পুলিস। দীর্ঘক্ষণ দুই যুবকের উপর নজর রাখার পর সন্দেহ হওয়ায় আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তাদের কথায় প্রচুর অসঙ্গতি ধরা পড়ে। তাদের ব্যাগ তল্লাশি করতেই দু’ লক্ষ টাকা জাল নোট উদ্ধার হয়। নোটগুলো প্লাস্টিকের প্যাকেটে মুড়ে ব্যাগে রাখা ছিল। ধুলিয়ান গঙ্গা ফেরিঘাট এলাকায় ওই নোট এক এজেন্টকে তারা হাতবদল করত বলে প্রাথমিক জেরায় পুলিস জানতে পেরেছে। যদিও জাল নোটগুলি তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিস। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ধুলিয়ান ঘাট থেকেই দু’ লাখ টাকা জাল নোট সহ লালবাগের এক ভুয়ো সাংবাদিককে গ্রেপ্তার করেছিল পুলিস।



