Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সম্প্রীতি উৎসব থেকে একাধিক মেলা শীতের পার্বণে মজেছে গ্রামীণ হাওড়া 

সম্প্রীতি উৎসব থেকে একাধিক মেলা শীতের পার্বণে মজেছে গ্রামীণ হাওড়া 
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা. উলুবেড়িয়া: কোথাও পরিবেশবান্ধব হাট বসেছে। কোথাও বসেছে রাসের মেলা। কোনও জায়গায় সম্প্রীতির বার্তা বহন করছে উৎসব। কোথাও আবার জেলার ঐতিহাসিক স্থানগুলির গুরুত্ব তুলে ধরতে হয়েছে মেলার আয়োজন। সবমিলিয়ে বছর শেষে হাওড়া গ্রামীণ জেলাজুড়ে উৎসবের ভরপুর আমেজ। মনোরম আবহাওয়ায় গা ভাসিয়ে তারিয়ে তারিয়ে আনন্দ উপভোগ করছে আট থেকে আশি।  
Advertisement
উৎসব অর্থাৎ আনন্দ। সেই আনন্দেই এখন মাতোয়ারা উলুবেড়িয়া থেকে শ্যামপুর, আমতা থেকে উদয়নারায়ণপুর। উলুবেড়িয়ার এক নম্বর ব্লকের কুলগাছিয়া মাধবপুর গ্রামে দামোদর নদীর তীরে রাস্তার পাশে বসেছে পরিবেশবান্ধব হাট। মাধবপুর পরিবেশ চেতনা সমিতির উদ্যোগে আয়োজিত এই হাট এবার দ্বিতীয় বর্ষে পা দিল। পরিবেশ দূষণমু্ক্ত রাখতে এবং সুন্দর রাখতে এই উদ্যোগ। পরিবেশবান্ধব জিনিসপত্রের স্টল বসেছে। ডোকরার কাজ, কাঠ খোদাই চিত্র, পটচিত্র, হাতের কাজের জিনিস বিক্রি হচ্ছে। হচ্ছে রসবড়া, পাটিসাপটা, ভাজা পিঠে, মোমো, খেজুড়ের গুড় বিক্রি। ইতিমধ্যে এই হাট ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন একাধিক জেলা থেকে মানুষ আসছেন। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। 
অন্যদিকে, শ্যামপুরের ৫৮ গেট পর্যটনকেন্দ্র লাগোয়া মাঠে শুরু হয়েছে রাস মেলা। পর্যটন কেন্দ্রে আসা এবং পিকনিক করতে আসা মানুষের কাছে তা অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। অন্যদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় সংহতি ও সুস্থ সংস্কৃতির বার্তা ছড়িয়ে দিতে আমতার তাজপুর কালীতলায়  হয়ে গেল আমতা সম্প্রীতি উৎসব। বিধায়ক সুকান্ত পালের উদ্যোগে তা শুরু হয়েছিল। অপরদিকে জেলার শেষ প্রান্ত উদয়নারায়ণপুরের গড় ভবানীপুরে শুরু হয়েছে সম্প্রীতির উৎসব ঐতিহাসিক রায়বাঘিনী রানি ভবশঙ্করী স্মৃতি মেলা। বিধায়ক সমীর পাঁজার উদ্যোগে এর আয়োজন হয়েছে। ১২ বছরে পা দিয়েছে এই মেলা। চলবে এক জানুয়ারি পর্যন্ত। 
সম্পর্কিত সংবাদ