সংবাদদাতা, বনগাঁ: বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যেই পশ্চিমবঙ্গে বেশ কয়েকজন সন্দেহভাজন জঙ্গি ধরা পড়েছে। ধরা পড়েছে জাল পাসপোর্ট কান্ডের মাথাও। বনগাঁ মহকুমা এলাকা থেকে বেশ কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে পুলিসের হাতে। উদ্ধার হয়েছে ভারতীয় জাল পরিচয়পত্র। চোরাপথে এদেশে এসে জাল পরিচয়পত্র তৈরি করে স্থায়ীভাবে বসবাসের অভিযোগে সোমবার এক যুবককে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিস। তাঁকে আশ্রয় দেওয়ায় ভারতীয় এক বাসিন্দাকেও গ্রেপ্তার করা হয়েছে। আগামীতে আরও অনেক অনুপ্রবেশকারী ধরা পড়বে বলে মনে করছে পুলিস। তাদের দাবি, সাম্প্রতিক কালে রাজ্যে একাধিক জঙ্গি ধরা পড়ায় বাসিন্দাদের একাংশই সাহস অর্জন করে অনুপ্রবেশকারীদের সম্পর্কে গোপনে পুলিসের কাছে খবর পৌঁছে দিচ্ছে।
Advertisement
পুলিস জানতে পারছে, বনগাঁ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর আশপাশের এলাকায় আত্মগোপন করে থাকছে তারা। বাগদা সীমান্ত দিয়েও প্রতিদিন অনেক বাংলাদেশি এদেশে চলে আসছে। সেখানকার এক বাসিন্দা বলেন, ‘রাতের অন্ধকারে বাংলাদেশিরা এখানে চলে আসছে। গ্রামে অবাধ বিচরণ তাদের, যা আমাদের কাছে খুবই ভয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ, এদের মধ্যে জঙ্গি অনুপ্রবেশও ঘটতে পারে।’ পুলিস জেনেছে, এদেশে এসে কোনও ভারতীয়কে বাবা সাজিয়ে জাল পরিচয়পত্র তৈরি করছে অনুপ্রবেশকারীরা। বাসিন্দারা সজাগ হওয়ায় আগামী দিনে আরও অনেক অনুপ্রবেশকারী ধরা পড়বে বলে আশাবাদী পুলিস।



