Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুর জেলার নিরাপত্তা জোরদার করার উদ্যোগ

সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুর জেলার নিরাপত্তা জোরদার করার উদ্যোগ
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, গঙ্গারামপুর: রাজ্য সরকারের উদ্যোগে সীমান্তবর্তী জেলায় এবারে বসতে চলেছে এএনপিআর সিসি ক্যামেরা। বাংলাদেশ ঘেরা সীমান্তবর্তী জেলা দক্ষিণ দিনাজপুর। নিরাপত্তার প্রশ্নে যখন প্রযুক্তির উপর জোর দেওয়া হচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে জেলায় এখনও পর্যন্ত একটিও এএনপিআর ক্যামেরা বসাতে পারেনি জেলা পুলিস। জেলার শহর বালুরঘাট, গঙ্গারামপুর ও বুনিয়াদপুরের জনবহুল এলাকা চৌপথিতে ট্রাফিকের তরফে সিসি ক্যামেরা রয়েছে। এএনপিআর ক্যামেরা জাতীয় ও রাজ্য সড়কে যাতায়াত করা দ্রুতগামী যানবাহনের নম্বর প্লেটের ছবি তুলতে পারে ও ভিডিও রেকর্ডিং করতে পারে। 
Advertisement
সম্প্রতি গঙ্গারামপুরের গচিহার এলাকায় বিদ্যুতের সাব স্টেশনে ডাকাতি হয়। ছোট গাড়িতে বিদ্যুতের সরঞ্জাম নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। জাতীয় ও রাজ্য সড়কে ট্রাফিকের সিসি ক্যামেরায় দুষ্কৃতীদের গাড়ি চিহ্নিত করতে কালঘাম ছোটে। সূত্রের খবর, মালদহ জেলার গাজোল টোলপ্লাজার এএনপিআর ক্যামেরার সাহায্য নিয়ে অবশেষে দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়। জেলায় আন্তর্জাতিক হিলি স্থলবন্দর রয়েছে। প্রত্যেকদিন জেলার উপর দিয়ে কয়েকশো পণ্যবাহী লরি যাতায়াত করে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দুষ্কৃতীরা যাতে  সহজেই পালাতে না পারে সেজন্য জেলার অভ্যন্তরীণ নিরাপত্তার দাবি তুলছেন জেলাবাসী। অনেক সময় জাতীয় ও রাজ্য সড়কে পথ দুর্ঘটনার পর ঘাতক গাড়ি খুঁজতে কালঘাম ছোটে। এএনপিআর ক্যামেরা থাকলে তা খুব সহজ হয়ে যাবে। 
জেলা পুলিস সূত্রে জানা গিয়েছে, রাজ্য থেকে একটি এএনপিআর ক্যামেরা জেলায় দ্রুত বসতে চলেছে। নিরাপত্তার প্রশ্নে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে সেই ক্যামেরা বসবে। জেলা পুলিসের ডিএসপি (ট্রাফিক) বিল্লমঙ্গল সাহা বলেন, আমরা জেলা থেকে রাজ্যে আবেদন জানিয়েছিলাম এএনপিআর ক্যামেরার বিষয়ে। প্রত্যেকটি জেলাতেই একটি করে এএনপিআর ক্যামেরা বরাদ্দ হয়েছে। আমরাও একটি ক্যামেরা পাব। এজেন্সি ওই ক্যামেরা বসাবে। আমরা অনেকগুলি পয়েন্ট দেখেছি। সেই অনুযায়ী কাজ হবে।
গঙ্গারামপুর শহরের এক বাসিন্দা সর্বজিৎ গুহ বলেন, জেলার নিরাপত্তার প্রশ্নে এএনপিআর ক্যামেরা ভীষণ প্রয়োজন। জেলার প্রত্যেকটি শহরের পুরসভা এলাকায় অত্যাধুনিক সিসি ক্যামেরা প্রয়োজন। যাতে দুষ্কৃতীরা কোনও কিছু ঘটিয়ে পালাতে না পারে। বর্তমান সময় প্রযুক্তি নির্ভর। তাই প্রযুক্তিগতভাবে আপডেট থাকা প্রয়োজন।
Advertisement
সম্পর্কিত সংবাদ