Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সীমান্তে উত্তেজনার মাঝেই পতিরামের চকবংশীপুরে কাঁটাতারের বেড়া উধাও

সীমান্তে উত্তেজনার মাঝেই পতিরামের চকবংশীপুরে কাঁটাতারের বেড়া উধাও
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: গত কয়েক দিন ধরে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে উত্তপ্ত সীমান্ত এলাকা। বাংলাদেশের তরফে বিভিন্ন সীমান্তে লাগাতার উস্কানীমূলক কাজও চলছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এবার পতিরাম থানার চকবংশীপুরে কাঁটাতারের বেড়া গায়েব হয়ে গেল। এক থেকে দেড় ফুট কাঁটাতারের বেড়া সীমান্ত থেকে উধাও হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে চকবংশীপুর বিওপিতে। বিএসএফ সূত্রে খবর, গোরুপাচার ও চোরাচালান করতেই এই কাঁটাতার কেটে নেওয়া হয়েছে। এর পিছনে রয়েছে ভারত-বাংলাদেশ দুই দেশের দুষ্কৃতীরাই বলে অনুমান। তবে এই ঘটনায় কাউকে আটক না করা গেলেও দ্রুত বিএসএফের নজরে আসতেই তড়িঘড়ি তা বন্ধ করা হয়েছে। রাতের অন্ধকারে এবং ঘন কুয়াশার সুযোগে এই কাজ করা হয়েছে বলে বিএসএফ জানিয়েছে। এনিয়ে পতিরাম থানায় বিএসএফের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 
Advertisement
পুলিস সূত্রে খবর, বিএসএফের কাছ থেকে সন্দেহভাজনদের নাম নিয়ে তদন্ত শুরু হয়েছে। এবিষয়ে পতিরাম থানার ওসি সৎকার সাংবো বলেন, পুরো ঘটনাটির তদন্ত চলছে। 
বিএসএফ জানিয়েছে, চকবংশীপুর সীমান্তে রাতে পাহারা দিচ্ছিলেন জওয়ানরা। সেই সময় কুয়াশার সুযোগে ওই কাঁটাতারের ছোট অংশ কেটে নেওয়া হয়। সম্ভবত গোরুপাচারের জন্যই কাঁটাতারের বেড়ার এক ফুট বাই দেড় ফুট কেটে নেওয়া হয়েছে। বিষয়টি বিএসএফ বুঝতে পারলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। সঙ্গে সঙ্গেই বিএসএফ ওই এলাকায় তল্লাশি শুরু করলে কাউকেই পাওয়া যায়নি। এমনকী গোরুর পায়ের ছাপও মেলেনি। বাংলাদেশের দিক থেকেও কাউকে দেখা যায়নি। তবে অনুমান, বাংলাদেশ ও ভারতীয় সীমান্তের চোরাকারবারিরাই এই কাজ করেছে। তবে শুধুই কী পাচার, নাকি অনুপ্রবেশের চেষ্টায় এই কাঁটাতারের বেড়া কাটা হয়েছে, তা খতিয়ে দেখছেন বিএসএফের কর্তারা। 
প্রসঙ্গত, রাজ্যজুড়ে ভারত-বাংলাদেশ সীমান্তের অনেক জায়গা উন্মুক্ত রয়েছে। সেই সীমান্তগুলিতে বেড়া দেওয়ার কাজ শুরু করেছে বিএসএফ। কিন্তু সেই বেড়া দিতে গিয়ে অনেক জায়গায় আপত্তি জানাচ্ছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। ইতিমধ্যেই বালুরঘাটের শিবরামপুরে এই বেড়া নিয়ে বিএসএফ ও বিজিবি’র মধ্যে বিতর্ক হয়। অন্যদিকে, বেড়া থাকলেও দুষ্কৃতীরা তা কেটে নিয়েছে বলে অভিযোগ। যদিও এনিয়ে বিএসএফের আধিকারিকরা কেউ মুখ খুলতে চাননি।
Advertisement
সম্পর্কিত সংবাদ