Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সীমাম্তে পুলিসকে লক্ষ্য করে গুলি পাচারকারীদের, আগ্নেয়াস্ত্র সহ ধৃত ২ 

সীমাম্তে পুলিসকে লক্ষ্য করে গুলি পাচারকারীদের, আগ্নেয়াস্ত্র সহ ধৃত ২ 
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মালদহ: সীমান্তে বেপরোয়া হয়ে উঠছে পাচারকারীরা। বিএসএফের পর এবার পুলিসকে লক্ষ্য করে চলল গুলি। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে বাংলাদেশ সীমান্তবর্তী কালিয়াচক থানার গোপালগঞ্জ এলাকায়। পাচারকারীদের হামলার পরও পিছপা হয়নি পুলিস। পাল্টা পিছু ধাওয়া করে দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে একটি সেভেন এমএম সেমি অটোমেটিক পিস্তল, তিন রাউন্ড গুলি সহ একটি ম্যাগাজিন ও ১০০ বোতল কাফ সিরাপ। এই ঘটনায় বৃহস্পতিবার কালিয়াচকের সীমান্তবর্তী এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মালদহের পুলিস সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ঘটনার তদন্ত চলছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বরুণ মণ্ডল (২৬) ও মিঠু শেখ (৪০)। তারা কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিস। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, মালদহের বাংলাদেশ সীমান্তে এখন অতিসক্রিয় পাচার চক্র। তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের একাংশও যুক্ত। সীমান্তের ওপারে কাফ সিরাপ পাচারের চেষ্টা করছিল দুষ্কৃতীরা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ মহদিপুর সেতুর কাছে অভিযান চালায় কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিস।
পুলিসের অভিযান টের পাওয়া মাত্রই সজাগ হয়ে ওঠে পাচারকারীরা। ঘটনাস্থলের কাছাকাছি পুলিস পৌঁছতেই তাদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ভোরবেলা ঘন কুয়াশা থাকার কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছিল। তারমধ্যেও পুলিসের উপস্থিতি টের পেয়ে যায় পাচারকারীরা। তাঁদের দিকে গুলি ছোড়া হলেও বিপদ মাথায় নিয়ে পুলিস পাচারকারীদের দিকে এগোতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে পালাতে শুরু করে যুবকরা।  
পুলিস ও প্রশাসনের একটি বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলে সেই সময় মোট ১১ জন পাচারকারী উপস্থিত ছিল। পুলিস ধাওয়া করে দু’জনকে গ্রেপ্তার করলেও বাকি দুষ্কৃতীরা পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে কালিয়াচক থানা। ঘটনাস্থল থেকে এদিন গুলির খোল উদ্ধার করে পুলিস। ধৃত বরুণ এবং মিঠুকে জেরা করে ওই দলের বাকি দুষ্কৃতীদের পরিচয় জানতে পেরেছে পুলিস। জেরায় বরুণ স্বীকার করেছে সেই পুলিসকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। ধৃতদের এদিন মালদহ আদালতে পেশ করে তিনদিনের হেফাজতে নিয়েছে পুলিস। 
প্রতি বছরই শীতের সময় প্রচন্ড ঠান্ডা এবং কুয়াশার সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে ওঠে পাচারকারীরা। বাংলাদেশ সীমান্তে পাচার রুখতে তাই প্রথম থেকেই এবার সতর্ক ছিল পুলিস। তৎপরতা বাড়ানো হয়েছিল মালদহের সীমান্তবর্তী কালিয়াচক, বৈষ্ণবনগর, হবিবপুর, পুরাতন মালদহের মতো সীমান্তবর্তী থানা এলাকাগুলিতে। রাতে টহলদারি বাড়িয়ে দেওয়ায় কমেছিল পাচারকারীদের দৌরাত্ম্য। তবে, এদিন ঘন কুয়াশা থাকার সুযোগের সদ্ব্যবহার করতে মরিয়া ছিল দুষ্কৃতীরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ