প্রয়াগরাজ: সম্ভলের শাহি জামা মসজিদে সমীক্ষা ঘিরে ছড়িয়েছিল হিংসা। গত ২৪ নভেম্বর সংঘর্ষের জেরে বেশ কয়েকজনের প্রাণহানিও হয়। অশান্তির সেই ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল সমাজবাদী পার্টির সাংসদ জিয়াউর রহমান বার্কের বিরুদ্ধে। সেই মামলায় শুক্রবার এলাহাবাদ হাইকোর্ট নির্দেশ দিল, এখনই গ্রেপ্তার করা যাবে না জিয়াউরকে। গ্রেপ্তারিতে স্থগিতাদেশ দিলেও জিয়াউরের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিলের আবেদন খারিজ করেছে আদালত।
Advertisement
সমাজবাদী পার্টির সাংসদের বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল সম্ভল থানায়। আদালতের নির্দেশে মুঘল আমলে তৈরি শাহি জামা মসজিদে সমীক্ষার কাজ চলার সময় হিংসা ছড়িয়ে পড়ে। প্রাণ যায় চারজনের। জখম হন অনেকে। পরে তাঁদের মধ্যে আরও একজন মারা যান। সেই ঘটনায় এফআইআর খারিজের দাবি সহ গ্রেপ্তারি এড়াতে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন জিয়াউর। এদিন বিচারপতি রাজীব গুপ্তা ও আজহার হুসেন ইদ্রিসির বেঞ্চে সেই আবেদনের শুনানি হয়। সরকার পক্ষ ও জিয়াউরের আইনজীবীর বক্তব্য শোনার পর সাংসদের গ্রেপ্তারিতে স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। সেই সঙ্গেই আদালত জানিয়ে দেয়, এফআইআর খারিজ হচ্ছে না। সমাজবাদী পার্টির সাংসদের বিরুদ্ধে তদন্ত জারি থাকবে। তদন্তের কাজে তাঁকে সহযোগিতা করতে হবে।



