Bartaman Logo
২৭ মে, ২০২৬

সম্ভলে ঢুকতেই দেওয়া হল না সপার প্রতিনিধি দলকে, তোপ অখিলেশের

সম্ভলে ঢুকতেই দেওয়া হল না সপার প্রতিনিধি দলকে, তোপ অখিলেশের
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
লখনউ: ‘আজ যদি প্রশাসন এতই কঠোর অবস্থান নিতে পারে, তাহলে হিংসার দিন তারা কী করছিল?’ শনিবার ১৫ সদস্যের প্রতিনিধি দল সম্ভলে ঢুকতে না পারায় এই প্রশ্ন ছুড়লেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। গত রবিবার শাহি জামা মসজিদের সমীক্ষাকে কেন্দ্র করে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। জনতার সঙ্গে খণ্ডযুদ্ধ লেগে যায় পুলিসের। তারপর সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে প্রশাসন। আতঙ্কের আবহে দিন কাটাতে হচ্ছে সম্ভলবাসীকে। মসজিদ সংলগ্ন এলাকায় ক্রমাগত চলছে কড়া নজরদারি। 
Advertisement
শনিবার রাজ্যের বিরোধী দলনেতা মাতা প্রসাদ পান্ডের নেতৃত্বে সম্ভলে পৌঁছয় দলটি। তবে সম্ভল জেলাপ্রশাসন বহিরাগতদের প্রবেশে ও যে কোনও রকমের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে। এর আগে শনিবার পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকার কথা ছিল। তবে পরিস্থিতির কথা চিন্তা করে সেটি বাড়িয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এই কারণে শনিবার সম্ভলে ঢুকতে পারেননি সপা নেতারা। এরপরই সমাজমাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছেন সপা সুপ্রিমো। অখিলেশ লিখেছেন, ‘এভাবে কাউকে ঢুকতে না দেওয়া সরকারের ব্যর্থতার পরিচয়। পরিস্থিতি সামাল দিতে যে সরকার ব্যর্থ, তা স্পষ্ট। বিজেপি সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন ন্যায়বিচার আসবে না।’ অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধী দলনেতাও। তিনি বলেন, ‘আমাদের কোনও লিখিত নোটিস দেওয়া হয়নি। নোটিস পেলে আমরা নিশ্চয়ই ওখানে যেতাম না। জাস্টিস কমিশন ওখানে যাচ্ছে, মিডিয়া পৌঁছচ্ছে, আমরা গেলেই গোলমাল হবে? ’ বিজেপির মুখপাত্র মণীশ শুক্লা অবশ্য বলেছেন, ‘মাতাপ্রসাদ পান্ডে সহ সমাজবাদী পার্টির অন্য নেতাদের আরও কিছুদিন অপেক্ষা করা উচিত। পরিস্থিতি স্বাভাবিক হলেই তাঁরা সেখানে যেতে পারবেন।’ সম্ভলে হিংসায় মদত দেওয়ার অভিযোগে সমাজবাদী পার্টি  সাংসদ জিয়াউর রহমান বরক ও বিধায়ক ইকবাল মাহমুদের ছেলে সোহেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল পুলিস। তাঁদের খোঁচা দিয়ে বিজেপি মুখপাত্র বলেন, ‘সমাজবাদী পার্টির উদ্দেশ্য সৎ কি না, সন্দেহ রয়েছে।’ এই আবহে কংগ্রেস নেতা অজয় রাই জানিয়েছেন, ২ ডিসেম্বর হাত শিবিরের প্রতিনিধি দল সম্ভলে যাবে। 
সম্পর্কিত সংবাদ