সংবাদদাতা, বারুইপুর: রায়দিঘির নন্দকুমারপুর পঞ্চায়েতের মধুসূদনচকে সমবায় সমিতির ভোট ঘিরে বিজেপির সঙ্গে তৃণমূল এর সংঘর্ষে উত্তেজনা ছড়াল। উভয় পক্ষের ষোলো জন আহত হয়েছেন। খবর পেয়ে রবিবার রাতে রায়দিঘি থানার পুলিস ঘটনাস্থলে যায়। পুলিসকে লক্ষ্য করে ইঁট ছোড়া হয় বলে অভিযোগ। গুরুতর আহত এক বিজেপি কর্মীকে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত তৃণমূল কর্মীদেরও রায়দিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় সমবায় সমিতির ভোটের ফলাফল বেরোলে দেখা যায় বিজেপি-সিপিএম জোট প্রার্থী তেইশটি আসন পেয়েছেন। অন্যদিকে তৃণমূল আঠারোটি আসন পেয়েছে। এরপরেই উভয় পক্ষের মধ্যে গন্ডগোল বেঁধে যায়। বিজেপি নেতা পলাশ রানা বলেন, বিজেপি-সিপিএম জোট সমবায় সমিতি দখল করার পরে তৃণমূল ব্যালট তুলে নিয়ে চলে যায়। বাইকে করে এসে আমাদের কর্মীদের মারধর করা হয়। বারো জন কর্মী আহত। এর মধ্যে প্রেমানন্দ জানা বলে এক কর্মীর অবস্থা গুরুতর।
Advertisement
অন্যদিকে, তৃণমূলের অঞ্চল সভাপতি ননী ত্রিপাঠি বলেন, আমাদের চার জন কর্মী আহত। বিজেপি কর্মীরা জোর করে সমিতি দখল করে মুখ্যমন্ত্রীর নামে বাজে কথা বলছিল। তারপরেই গন্ডগোল বাঁধে।



