সংবাদদাতা, মানিকচক: সময়ে স্কুলে আসেন না শিক্ষকরা। বারবার এমন অভিযোগ উঠছিল। শুক্রবার অভিভাবকদের নিয়ে সেখানে গিয়েছিলেন মালদহ জেলা তৃণমূল যুব সভাপতি বিশ্বজিৎ মণ্ডল। দেখা গেল বেলা ১১টা বেজে গেলেও মানিকচকের রামনগর শিবনটোলা প্রাথমিক বিদ্যালয়ে দেখা নেই একাংশ শিক্ষকের। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’)।
Advertisement
শুক্রবার জনসংযোগের জন্য মানিকচকের রামনগর শিবনটোলা গ্রামে পৌঁছন বিশ্বজিৎ সহ অন্য কর্মীরা। গ্রামের মানুষদের অভাব, অভিযোগ শুনতে গিয়ে জানতে পারেন স্থানীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা নিয়মিত আসেন না। পড়াশোনাও ঠিকমতো হয় না। অভিযোগ শোনা মাত্রই স্কুল পরিদর্শন করে বিশ্বজিত্ দেখেন নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও উপস্থিত রয়েছেন মাত্র একজন শিক্ষক। বিশ্বজিৎ বলেন, শিক্ষক স্কুলে নির্দিষ্ট সময়ে আসেন না। প্রার্থনা হয় না। দুপুর দুটোয় বিদ্যালয় বন্ধ হয়ে যায়। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের দেখা উচিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজির আলী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিশ্বজিৎ মণ্ডল বিদ্যালয়ে এসেছিলেন। আমি স্কুলের কাজে চক্রের অফিসে গিয়েছিলাম বলে দেরি হয়েছে।



