


সংবাদদাতা, উলুবেড়িয়া: হাওড়া জেলার শ্যামপুর ১ নম্বর ব্লকের পাঁচসেরা পাড়া গ্রাম। এটি বাণেশ্বরপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। জোয়ারের জল এলেই হুগলি নদীর পাড়ে অবস্থিত এই গ্রামটি জলের তলায় চলে যায়। হাঁটু সমান জল বয়ে চলে গ্রামের রাস্তা দিয়ে। জল নামার জন্য এতদিন ভাটার অপেক্ষায় থাকতে হত গ্রামবাসীদের। অবশেষে গ্রামের পাশে থাকা পাঁচসেরা খালের উপর প্রায় চার কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে সেতু ও স্লুইস গেট। গ্রামবাসীদের দাবি, স্লুইস গেটটি তৈরি হয়ে গেলে জলযন্ত্রণার পাশাপাশি যাতায়াতের সমস্যাও মিটবে। পাঁচসেরা খালের একদিকে আছে বাণেশ্বরপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচসেরাপাড়া, অন্যদিকে ডিঙাখোলা গ্রাম পঞ্চায়েতের কুরচিবেড়িয়া গ্রাম।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই খালের জলেই দুই গ্রাম পঞ্চায়েতের কয়েক একর জমিতে চাষাবাদ চলে। পাঁচসেরাপাড়ার বাসিন্দাদের বক্তব্য, খালে কোনো স্লুইস গেট ও দু’পাড়ে শক্তপোক্ত বাঁধ না থাকায় জোয়ারের সময় খালের জল উপচে গোটা গ্রামকে প্লাবিত করে। রাস্তার পাশাপাশি বাড়িতেও জল ঢুকে যায়। অন্যদিকে, দু’টি গ্রামের মধ্যে যোগাযোগের জন্য দীর্ঘদিন আগে খালের উপর একটি কাঠের সেতু তৈরি করা হয়েছিল। যদিও জলের তোড়ে সেই সেতুটি ভেঙে যাওয়ায় যোগাযোগের ক্ষেত্রেও সমস্যা হত গ্রামবাসীদের। খালের উপর একটি ক্রংকিটের সেতু তৈরির দাবি জানিয়েছিলেন গ্রামবাসীরা। তাঁদের আশা, স্লুইস গেট হলে সমস্ত সমস্যার সমাধান হবে। পাঁচসেরাপাড়া গ্রামের বাসিন্দা শেখ হালিম আলি বলেন, দীর্ঘদিন ধরে আমরা খুব কষ্টে দিন কাটিয়েছি। জোয়ার এলেই আতঙ্কে থাকতাম। স্লুইস গেট হয়ে গেলে জোয়ারের জল আর গ্রামে ঢুকতে পারবে না। তখন দুশ্চিন্তা অনেকটাই কাটবে। শ্যামপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না বলেন, স্লুইস গেটটি তৈরি হয়ে গেলে দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পাবেন গ্রামবাসীরা। পাশাপাশি গাদিয়াড়া আর শিবগঞ্জের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। নিজস্ব চিত্র