নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার থেকে সল্টলেক করুণাময়ী সেন্ট্রাল পার্ক বা বইমেলা প্রাঙ্গণে শুরু হল পাঁচ দিনের বিশেষ মেলা ‘বাংলার নব জাগরণ’। বেঙ্গল রাইজিং ৩.০ শিরোনামের ওই মেলায় বিনোদন ও আলোচনার জমজমাট অনুষ্ঠানের আয়োজন করেছে বেঙ্গল বিজনেস কাউন্সিল। রান্নার প্রতিযোগিতা, খাবারের আয়োজন, শিশুদের বিভাগ, বিনোদনের পাশাপাশি থাকছে বাঙালির ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে হরেক আলোচনা ও আড্ডা। এদিন মূল মঞ্চে আলোচনায় উপস্থিত ছিলেন দেবর্ষি দত্তগুপ্ত, শুভাশিস চক্রবর্তী, তপব্রত মুখোপাধ্যায়, প্রতীক চন্দ্র, অনিন্দ্য দত্ত, মানব পাল, তন্ময় বন্দ্যোপাধ্যায়, শুভাশিস দত্ত প্রমুখ উদ্যোগপতিরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় চন্দ্রবিন্দু ব্যান্ড।



