নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেক ২ নম্বর গেটে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক চতুর্থ শ্রেণির স্কুলছাত্রের। সেই ঘটনার পর এক মাস কেটে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই রাস্তার দু’দিকে হাম্প করা হয়েছিল। কিন্তু, যে রাস্তায় দুর্ঘটনা ঘটেছে, সেই রাস্তার কোনও উন্নতি হয়নি। দ্রুত রাস্তা সংস্কারের দাবি তুলেছেন স্থানীয়রা।
Advertisement
প্রসঙ্গত, মায়ের স্কুটারে চেপে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গত ১২ নভেম্বর সল্টলেক ২ নম্বর গেটে ওই স্কুলছাত্রের মৃত্যু হয়। অভিযোগ ছিল, দু’টি বাসের রেষারেষির কারণে একটি বাস ধাক্কায় দেয়। তার জেরেই দুর্ঘটনা। ওই ঘটনার পর রাতেই দু’পাশে হাম্প করে দেওয়া হয়েছিল। কিন্তু, দুর্ঘটনার পর বিধাননগর পুরসভার পক্ষ থেকে এলাকা পরিদর্শন করা হয়েছিল। রাস্তা এবং ফুটপাতের মাঝখানে সরু নালার মতো এবড়ো খেবড়ো অংশ রয়েছে। ওই অংশটি মসৃণ করে দেওয়ার পরিকল্পনা করেছিল পুরসভা। পাশাপাশি, রাস্তার উপর একটি লোহার বক্স ঢাকনা আছে। রাস্তা থেকে তা কিছুটা উঁচুতে। ওই দু’টি জায়গায় রাস্তা সংস্কারের করার কথা বলা হয়েছিল। কিন্তু, একমাস কেটে গেলেও সেই কাজে হাত পড়েনি। যদিও ঘটনার দিন দুপুরেই পুরসভার আধিকারিকরা বলেছিলেন, দ্রুত ওই অংশ সংস্কার করা হবে!



