Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সল্টলেকে বৃদ্ধা খুনে যাবজ্জীবন কারাদণ্ড

সল্টলেকে বৃদ্ধা খুনে যাবজ্জীবন কারাদণ্ড
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: সল্টলেকে রঙের কাজে এসে বৃদ্ধাকে খুনের অভিযোগ ওঠেছিল এক যুবকের বিরুদ্ধে। দীর্ঘ বিচার চলার পর তাকে দোষী সাব্যস্ত করা হয়। মঙ্গলবার সাজা ঘোষণা হল। মুর্শিদাবাদের বাসিন্দা কিরণ তোহার শেখকে (৩০) বারাসতের সপ্তম এডিজে আদালতের বিচারক গার্গী ভট্টাচার্য হোসেন যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন। সরকারি আইনজীবী শ্যামলকান্তি দত্ত বলেন, মামলায় দোষীর সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা হয়েছে। অনাদায়ে অতিরিক্ত তিনবছর কারাদণ্ড। পাশাপাশি চুরির অভিযোগে তিনবছর কারাদণ্ড সহ ১ হাজার টাকা জরিমানা হয়েছে। অনাদায়ে অতিরিক্ত একবছর কারাদণ্ড। সবকটি সাজা একসঙ্গে চলবে।
Advertisement
প্রসঙ্গত, বিধাননগর সাউথ থানার সল্টলেক সেক্টর চারের একটি আবাসনের বাসিন্দা মালতি দাস খুন হন ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর। খুনে নাম জড়ায় মালতির বাড়িতে রং করতে আসা মিস্ত্রি কিরণের। একদিন রাতে থাকার সুযোগ নিয়ে সে বৃদ্ধার সোনার গয়না হাতাতে তাঁকে খুন করে। তবে ঘটনাস্থলে ফেলে যায় ডায়েরি। তা থেকেই কিরণকে ধরে পুলিস। আটবছর ধরে মামলা চলার পর এদিন সাজা ঘোষণা হল।
সম্পর্কিত সংবাদ