সংবাদদাতা, কান্দি: সরকারি প্রকল্পে কাজ করলেও ঠিকঠাক টাকা পাওয়া যায় না। শুক্রবার এই অভিযোগে তুলে সালারের ভরতপুর-২ বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন আশাকর্মীরা। পরে তাঁরা বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দেন। জয়েন্ট বিডিও বিধানরঞ্জন হাওলাদার বলেন, আশাকর্মীদের কয়েকটি দাবি ছিল। সেগুলি নিয়ে সুষ্ঠুভাবে কথা বলা হয়েছে। তাঁদের অন্যতম দাবি, সরকারি প্রকল্পে কাজ করে ঠিকমতো টাকা পাননি। এই বিষয়টি নিয়ে বিএমওএইচের সঙ্গে কথা বলা হবে।
Advertisement
আশাকর্মী সংগঠনের জেলা সম্পাদিকা মুজিদা পারভিন বলেন, এমআর ভ্যাকসিন, বাংলার বাড়ি প্রকল্পের কাজ করে আমরা ঠিকমতো টাকা পাইনি। এমনকী, বাংলার বাড়ি প্রকল্পে অনেকের নাম তালিকা থেকে বাদ পড়ায় তারা ক্ষুব্ধ হয়ে আমাদের উপর চড়াও হয়েছে। আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। এনিয়ে প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এবার অ্যাডাল্ট বিসিজি প্রকল্পে কাজ করার আগে আমরা প্রশাসনের কাছে সরকারি জিও চাইছি। সেই জিও পেলে তবেই আমরা এই প্রকল্পের কাজে যোগ দেব।



