Bartaman Logo
২৭ মে, ২০২৬

সলমনের শ্যুটিংয়ে ঢুকে বিষ্ণোইয়ের নাম করে হুমকি, আটক ১

সলমনের শ্যুটিংয়ে ঢুকে বিষ্ণোইয়ের নাম করে হুমকি, আটক ১
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই: কয়েক মাস ধরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলিউড নক্ষত্র সলমন খান। এবার ফোনে কিংবা সোশ্যাল মিডিয়াতে নয়। মুম্বইতে সরাসরি শ্যুটিং সেটে ঢুকে হুমকি। জেলবন্দি লরেন্স বিষ্ণোইয়ের নাম করে অভিনেতার দেহরক্ষীকে হুমকি দেয় অভিযুক্ত। সঙ্গে সঙ্গেই তাকে আটক করা হয়। ওই সময় ঘটনাস্থলে না থাকলেও শ্যুটিং সেটে ছিলেন বলিউডের ‘ভাইজান’। সেখানে তাঁর ‘সিকন্দর’ ছবির শ্যুটিং চলছিল।
Advertisement
বুধবার রাতে মুম্বইয়ের শিবাজি পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। হঠাৎই শ্যুটিং সেটে ঢুকে পড়ে অভিযুক্ত। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় নিরাপত্তারক্ষীরা তাকে আটকায়। তখন ওই ব্যক্তি হুমকি দিয়ে বলে ‘বিষ্ণোইকে ডাকব কি?’ এরপরই তাকে আটক করে শিবাজি পার্ক থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিস। ওই ব্যক্তির সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের যোগ রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শ্যুটিং সেটের একজন জুনিয়র আর্টিস্ট। যদিও এনিয়ে অভিনেতার তরফে কিছু জানানো হয়নি। শ্যুটিং দেখতে বাধা পেয়ে ওই ব্যক্তি রেগে বিষ্ণোইয়ের নাম করেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের। পুলিস জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে নন-কগনিজেবল মামলা দায়ের হয়েছে। এক্ষেতের অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য আদালতের অনুমতি প্রয়োজন। এদিকে বাবা সিদ্দিকি খুনের ঘটনার তদন্তে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে পুলিসের। জানা গিয়েছে, ওই এনসিপি নেতার মতোই পরিণতি হতে পারত সলমনের। জেরায় এমনটাই জানিয়েছে খুনের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত। মুম্বই পুলিসের এক কর্তা বলেন, সলমনকেও খুনের পরিকল্পনা করেছিল ধৃতরা। সেজন্য অভিনেতার বাড়ির সামনে রেইকি করেছিল। কিন্তু নিরাপত্তার কারণে তাদের সেই পরিকল্পনা ভেস্তে যাই। এরপরেই বাবা সিদ্দিকিকে টার্গেট করে তারা।
সম্পর্কিত সংবাদ