সুরজ বারজাতিয়ার সঙ্গে কেরিয়ারের একাধিক গুরুত্বপূর্ণ ছবিতে কাজ করেছেন সলমন খান। ভাইজানের সঙ্গে ‘প্রেম কি সাধি’ নামক একটি সিনেমা করার কথা পরিকল্পনাও করেছিলেন সুরজ। যদিও বর্তমানে সে ছবির কাজ বন্ধ রয়েছে। কারণ সুরজ চাইছেন, সলমনের বয়স অনুযায়ী কোনও চরিত্র লিখবেন। ‘প্রেম’ চরিত্রের বয়স কোনওমতেই আর সলমনের বর্তমান বয়সের সঙ্গে মেলে না বলেই ধারণা সুরজের। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই বিষয়টি খোলসা করেছেন তিনি। তাঁর পরিকল্পনা সলমনের সঙ্গে অন্য একটি ছবিতে কাজ করবেন তিনি। ২০১৫ সালে ‘প্রেম রতন ধন পাও’ ছবিতে সুরজ ও সলমন কাজ করেছিলেন। তারপর থেকে তাঁদের জুটি ফের পর্দায় দেখতে উৎসাহী অনুরাগীরা। সুরজ জানিয়েছেন, শীঘ্রই সলমনের সঙ্গে সিনেমায় কাজ করবেন তিনি। রোমান্টিক ঘরানার ছবিতে ভাইজানের চরিত্রটি তাঁর বর্তমান বয়স অনুযায়ী লেখা হবে বলে জানিয়েছেন সুরজ। ঈদের মরশুমে মুক্তি পাচ্ছে সলমন অভিনীত ‘সিকান্দার’। সম্ভবত এই ছবির পরই সুরজের সঙ্গে একটি কাজ শুরু করবেন নায়ক। উল্লেখ্য, ‘প্রেম কি সাধি’ ছবির জন্য আয়ুষ্মান খুরানাকে সুরজ পছন্দ করেছেন বলে জল্পনা ছড়িয়েছে।



