মুম্বই, ৭ নভেম্বর: সলমন খান, যোগী আদিত্যনাথের পর এবার শাহরুখ খানকে হুমকি বার্তা। ছত্তিশগড়ের রায়পুর থেকে এই হুমকি বার্তা পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। মুম্বই পুলিস তড়িঘড়ি এই ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, যে নম্বর থেকে ফোনটি এসেছিল সেটিকে ট্র্যাক করে ওই ব্যক্তির নাম-পরিচয়ও জানা গিয়েছে। অভিযুক্তের নাম ফয়জান। তার বিরুদ্ধে ৩০৮(৪) এবং ৩৫১ ধারায় মামলা দায়ের করেছে পুলিস। মুম্বইয়ের বান্দ্রা থানায় মামলাটি দায়ের হয়েছে। জানা গিয়েছে, শাহরুখ খানকে খুনের হুমকি দিয়ে বান্দ্রা থানায় একটি ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা যুবকটি বলে, শাহরুখ খান নিজের প্রাণ বাঁচাতে চাইলে ৫০ লক্ষ টাকা দিন। না দিলে তার পরিণতি ভোগ করতে হবে। এরপরই কলটি কেটে যায়। ফোনটিও সুইচ অফ করে দেয় অভিযুক্ত। তারপরই ওই ব্যক্তিকে কে তা জানার চেষ্টা শুরু হয়। দায়ের হয় মামলা। ফোনের লোকেশন ট্র্যাক করা শুরু হয়। পুরো বিষয়টি গুরুত্ব দিয়েই দেখছে মুম্বই পুলিস। তদন্তে নেমেছে সাইবার সেলও। কিং খানকে হুমকি দেওয়ার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে। মুম্বই পুলিসের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন খুব শীঘ্রই ওই যুবককে গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যেই মোবাইল লোকেশন ট্র্যাক করে মুম্বই পুলিসের একটি টিম রায়পুরে পৌঁছে গিয়েছে। তবে এই প্রসঙ্গে শাহরুখ খান বা তাঁর টিমের পক্ষ থেকে কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি।
Advertisement
উল্লেখ্য, কিং খানের ঘনিষ্ঠ বন্ধু তথা অভিনেতা সলমন খানকেও বারবার খুনের হুমকি দেওয়া হয়েছে। গত এপ্রিলে সলমনের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনার পর থেকে ভাইজানের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করেছে মুম্বই পুলিস। পাশাপাশি গত ১২ অক্টোবর সলমন ঘনিষ্ঠ রাজনীতিবিদ তথা প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকিকে গুলি করে খুন করা হয়। সেই খুনের দায় নেয় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা।



