নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বাড়ির ভিতরে রাখা স্কুটারে অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নিউটাউনে। এই ঘটনায় গোটা পরিবারকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বাড়ির মালিক। তিনি এ ব্যাপারে টেকনোসিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই হামলার নেপথ্যে এক আত্মীয়কে সন্দেহ করছে পরিবার। পুলিসের কাছে তার নামও দেওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিস মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে ঘটনাটি ঘটল, কে ঘটাল, সেই রহস্যের কিনারায় ফরেন্সিক পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে পুলিস। বিধাননগর কমিশনারেটের এক পুলিস আধিকারিক বলেন, ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট হাতে এলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এই ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছে ওই পরিবার। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার রাতে টেকনোসিটি থানার অধীনে নিউটাউনের পাথরঘাটায় ঘটনাটি ঘটেছে। বাড়ির মালিকের মেয়ে বিবাহিতা হলেও তিনি এই বাড়িতেই থাকেন। ওইদিন রাত পৌঁনে ১২টা নাগাদ পরিবারের সদস্যরা শুনতে পান, প্রতিবেশীরা আগুন আগুন বলে চিৎকার করছেন। সঙ্গে সঙ্গে তাঁরা বেরিয়ে এসে দেখেন, বাড়ির একতলায় যে স্কুটার রাখা ছিল, তাতে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয়। আগুনে স্কুটার পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওই অংশের সিলিংও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কোনও মুহূর্তে গোটা বাড়িতে আগুন ধরে যেতে পারত। বাইরের গ্রিলের দরজার সামনেই স্কুটারটি রাখা ছিল। রবিবার এ ব্যাপারে বাড়ির মালিক টেকনোসিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারপরই শুরু হয়েছে তদন্ত।



