নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দার্জিলিং: সিকিমে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই পর্যটকের। তাঁরা সম্পর্কে মা ও মেয়ে। তাঁদের বাড়ি উত্তর ২৪ পরগনার নিউ বারাকপুরে। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শনিবার রাতে প্রতিবেশী রাজ্যের পকিয়াং জেলায় পথ দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম পায়েল শাসমল (৩২) এবং তাঁর আড়াই বছরের মেয়ে শ্রেণিকা শাসমল। কলকাতা থেকে সিকিমে ঘুরতে গিয়েছিলেন ওই পর্যটকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় ওই পর্যটকরা ছোট গাড়িতে চেপে আরিতার থেকে রোলেপ এলাকায় যাচ্ছিলেন। পাকিয়ং জেলার অন্তর্গত লামাতেনের কাছে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িতে চালক সহ সাতজন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। চালক সহ চারজন গুরুতর জখম হন। আহতদের স্থানীয় রঙ্গলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আহত হয়েছেন গৃহবধূর স্বামী শোভন শাসমল, অভিজিৎ ঘোষ, অমৃতা
Advertisement
ঘোষ, গাড়ির চালক আশিস খাতি। গাড়ির যাত্রীদের মধ্যে সুস্থ রয়েছে ১০ বছরের অভিমিত্রা ঘোষ। সিকিম পুলিসের এক কর্তা জানান, ওই দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মৃতদের ময়নাতদন্ত করা হয় এদিন। এই দুর্ঘটনার প্রেক্ষিতে নিউ বারাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। শোভনকে কলকাতায় এনে চিকিৎসা করানোর চেষ্টা চলছে।



