Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সকাল-সন্ধ্যায় বিষধর সাপের উপদ্রব, নাকাল স্থানীয় বাসিন্দারা

সকাল-সন্ধ্যায় বিষধর সাপের উপদ্রব, নাকাল স্থানীয় বাসিন্দারা
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: সাপের আতঙ্কে ঘুম উড়েছে মধ্যমগ্রামের ২৫ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। সকাল বা সন্ধ্যায় বাড়ির সামনে চলে আসছে ছোট, বড় বিষধর সাপ। ফলে বাড়ি থেকে বের হওয়া দুর্বিষহ হয়ে উঠেছে কয়েক’শো পরিবারের পক্ষে। তবে, খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা গেলেও সাপ উদ্ধার করা যায়নি। এই এলাকায় বহু পরিত্যক্ত জলাজমি আছে। সেখানে সাপগুলি লুকিয়ে পড়ছে বলেই ধারণা এলাকার মানুষের।
Advertisement
মধ্যমগ্রাম পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের দোহারিয়া ক্ষুদিরামপল্লি অত্যন্ত জনবসতিপূর্ণ এলাকা। কয়েকশো মানুষের বসবাস রয়েছে। কিন্তু শীত পড়তেই এই এলাকায় দেখা যাচ্ছে বিভিন্ন বিষধর সাপ। স্থানীয়দের কথা মতো, সাপগুলির দৈর্ঘ্য সাত ফুট বা তার থেকেও বেশি। শুক্রবার সকালেও একইভাবে সাপের দেখা মেলে। স্থানীয়রা তড়িঘড়ি খবর দেন বনদপ্তরে। কিন্তু বনকর্মীরা এসে চারিদিক খুঁজে দেখেন সাপ উধাও।
স্থানীয় এক বাসিন্দা রুমা ঘোষ বলেন, কয়েকদিন ধরে আমাদের এই এলাকায় সাপের উপদ্রব বেড়ে গিয়েছে। আশেপাশে প্রচুর জমিতে জল জমে রয়েছে। সে কারণেই সাপের উপদ্রব বাড়ছে। শুক্রবার সকালেও সাপ বেরিয়েছিল। বনদপ্তরে কর্মীরাও এসেছিলেন। কিন্তু তাঁরা সাপটিকে খুঁজে পাননি। আরেক এলাকাবাসী বরুণ মণ্ডল বলেন, আজ সকালে সাপটিকে দেখে অনেকেই ভয় পেয়ে গিয়েছিলেন। পড়শি এক ব্যক্তির বাড়িতে তা ঢুকে পড়ার উপক্রমও করেছিল। কিন্তু কোনওরকমে সেটিকে বের করা হয়। আমরা খুব চিন্তায় রয়েছি। মনে হয় সাপের গোপন ডেরা আছে এই মাঠে কোথাও! 
সম্পর্কিত সংবাদ