নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জমি কিনলেও স্থানীয় বাসিন্দাদের বাধায় সীমানা প্রাচীর দিতে পারছে না স্কুল কর্তৃপক্ষ। হরিনাভি সুভাষিনী বালিকা শিক্ষালয়, এই স্কুলটি রাজপুর সোনারপুর পুরসভা এলাকার মধ্যে পড়ে। অভিযোগ, পাঁচিল দেওয়ার কাজ শুরুই করতে দিচ্ছে না বাসিন্দাদের একাংশ। স্কুল কর্তৃপক্ষের দাবি, ওই জমির পাশ দিয়েই একটি রাস্তা গিয়েছে। বাসিন্দাদের বক্তব্য, রাস্তার ধারে কিছুটা জায়গা ছেড়ে পাঁচিল দিতে হবে। কিন্তু তা করতে গেলে স্কুলের কেনা জমির একাংশ ছেড়ে দিতে হবে। পুরসভায় এ নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। এই অবস্থায় পুরসভা নির্মাণকাজ সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। গোটা ঘটনার পিছনে প্রোমোটার চক্রের ইন্ধন রয়েছে বলে মত স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজনের একাংশের। তাঁদের বক্তব্য, স্কুলের পাশেই একটি খালি জমি পড়ে রয়েছে। সেখানে প্রবেশের রাস্তা প্রশস্ত না হলে বিল্ডিং প্ল্যানের অনুমতি পাবে না প্রোমোটার। সেকারণেই পঁচিল দিতে আপত্তি জানাচ্ছেন তাঁরা।
Advertisement
জানা গিয়েছে, ২০১৮ সালে স্কুলের ঠিক পাশেই সাত কাঠা জমি কিনেছিল কর্তৃপক্ষ। সেখানে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। যেখানে স্কুলের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। ডিসেম্বরের শেষ সপ্তাহে ওই জমি পাঁচিল দিয়ে ঘেরার কাজ শুরু করতেই নানা দিক থেকে বাধা আসতে থাকে। প্রধান শিক্ষিকা পামেলা সরকার বলেন, পিলার তৈরির কাজ শুরু হতেই পুরসভা তরফ থেকে কাজ বন্ধ রাখার নির্দেশ আসে। তারা জানিয়েছে, রাস্তা আটকে পাঁচিল দেওয়া হচ্ছে বলে পুরসভার কাছে অভিযোগ পড়েছে। প্রধান শিক্ষিকা বলেন, ওই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা স্কুলের জমিতেই পাঁচিল তুলছিলাম। যে জায়গায় পাঁচিল দেওয়ার কাজ চলছিল, সেখানে কোনওভাবেই রাস্তা দখল করা হয়নি। উল্টে আমাদেরই বলা হচ্ছে, কিছুটা জমি ছেড়ে পাঁচিল তুলতে। এদিকে, পুরসভার তরফে জায়গাটি পরিদর্শন করা হয়েছে। চেয়ারম্যান পল্লব দাস বলেন, আমরা ওই জমির ল্যান্ডম্যাপ দেখে সব কিছু বিবেচনা করে পদক্ষেপ করব।



