Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সকলেই বাঙালি, নিজেদের আড়াল করতে বলত হিন্দি, দেগঙ্গায় ডাকাতি কাণ্ডে অভিযুক্তরা চিহ্নিত

সকলেই বাঙালি, নিজেদের আড়াল করতে বলত হিন্দি, দেগঙ্গায় ডাকাতি কাণ্ডে অভিযুক্তরা চিহ্নিত
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাড়ির মহিলাদের মা সম্বোধন করে ডাকাতি হয়েছিল দেগঙ্গায়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, ভিন রাজ্য নয়, আসলে ভিন জেলার একটি টিম এই অপরাধ ঘটিয়েছে। এই ডাকাতির পর মগরা ও বর্ধমানেও একই গ্যাং ডাকাতি করে। প্রত্যেকেই বাঙালি। নিজেদের আড়াল করতে তারা হিন্দি ভাষায় কথা বলত। তাদের সঙ্গে থাকা বাইকের নম্বরও পাওয়া গিয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা যাবে বলে আশাবাদী পুলিস।
Advertisement
দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েতের কলাপোল এলাকায় ২৩ নভেম্বর মৃণাল চৌধুরী ও তরুণতপন দেবের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। সন্ধ্যার সময় বাড়িতে যখন পুরুষরা ছিলেন না, তখন দুটি বাইকে করে দুষ্কৃতীরা এসে ডাকাতি করে। চৌধুরী ও দেব বাড়ির মহিলাদের আগ্নেয়াস্ত্র দেখানো হয়। চিৎকার করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এরপর বাড়ির আলমারি সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় ডাকাতরা। দুই পরিবারের সদস্যদের অভিযোগ, দু’টি বাড়ি মিলিয়ে প্রায় ৩০ ভরির বেশি সোনার গয়না খোয়া গিয়েছে। তাঁরা জানান, বাংলা ও হিন্দি মিশিয়ে ওরা কথা বলছিল। এমনকী মহিলারা অসুস্থ হয়ে পড়লে মা সম্বোধন করে তাঁদের জলও দিয়েছিল।
এরপর বিভিন্ন সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিস। দেখা যায়, কয়েকমাস আগে বাদুড়িয়াতে একই কায়দায় ডাকাতি হয়েছিল। পুলিস জানতে পারে, এটি একটি বিশেষ গ্যাং। অল্পবয়সিরা এতে নাম লিখিয়েছে। এই গ্যাং-এর জন্ম পাশের জেলা নদীয়াতে। সন্ধ্যার পর তারা বাইকে করে এসে ডাকাতি করত, আর রাত ন’টার মধ্যে বাড়ি পালাত। পুলিস থেকে বাঁচতে তারা মূল সড়ককেই বেশি ব্যবহার করত। ডাকাতির আগে রীতিমতো রেকি করত তারা। যোগ থাকত স্থানীয়দের। দেগঙ্গায় ডাকাতি করার পর কালনা, মগরাতেও ডাকাতি করে তারা। ইতিমধ্যে তাদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। ক’দিনের মধ্যেই তারা পুলিসের জালে পড়বে।
এনিয়ে দেগঙ্গা থানার আইসি অর্ণব গঙ্গোপাধ্যায় বিশেষ প্রযুক্তিগত সহায়তাও নিয়েছেন। তৈরি হয়েছে পুলিসের বিশেষ টিমও। পুলিসের এক কর্তা জানিয়েছেন, জাল গোটানো প্রায় শেষ। ক’দিনের মধ্যেই দুঃসাহসিক ডাকাতির কিনারা হয়ে যাবে। ওরা প্রত্যেকেই বাংলাভাষি, অল্প বয়সি। নিজেদের আড়াল করতে হিন্দি বলত।
সম্পর্কিত সংবাদ