Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

স্কুলছুট কমাতে শিক্ষিকাদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ পুরসভার

স্কুলছুট কমাতে শিক্ষিকাদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ পুরসভার
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: পড়ুয়ার সংখ্যা ১০৮ জন। কিন্তু শুক্রবার সকালে স্কুলে এসেছিল মাত্র ৪১ জন। বাকি ৬৭ জন পড়ুয়ারা কোথায়? ছাত্রের এত কম উপস্থিতি দেখে অবাক এসএসকে পরিদর্শনে আসা কর্তারা। 
Advertisement
এদিন পুরাতন মালদহ শহরের সদরঘাট কোর্ট স্টেশন শিশুশিক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, পুরসভার এগজিকিউটিভ অফিসার শুভ্র দাস সহ অন্যরা। ছাত্রের এত কম উপস্থিতি দেখে স্কুলছুট কমাতে স্কুল কর্তৃপক্ষকে নানা নির্দেশ দেওয়া হয়।
পুরসভা সূত্রে খবর, শহরের ২০টি ওয়ার্ড মিলিয়ে ২৫টি এসএসকে রয়েছে। ১৬টি কেন্দ্রে ১০টার পর ক্লাস হয়। বাকি ৯ টি সকালে। সিংহভাগ এসএসকেতে স্কুলছুট বাড়ায় উদ্বেগে পুরকর্তারা। অভিভাবকদের একাংশের অভিযোগ, শহরের এসএসকেগুলিতে পরিকাঠামোগত সমস্যা রয়েছে। কোর্ট স্টেশনে এসএসকেতে পড়ুয়াদের নির্দিষ্ট ঘর নেই। পড়ুয়ারা নীচে মাদুর, বস্তায় বসে পড়াশোনা করে। সেগুলি খতিয়ে দেখলে স্কুলছুট কমানো যাবে। কোর্ট স্টেশন এসএসকের প্রধান সহায়িকা নমিতা সরকার বলেন, এদিন পুরকর্তারা স্কুলে এসে ছাত্রসংখ্যা, মিড ডে মিল, রান্নাঘর খতিয়ে দেখেন। কেমন পড়াশোনা চলছে, তারও খোঁজখবর নেন।
এদিন ছাত্র কম আসার কারণ প্রসঙ্গে প্রধান সহায়িকা নমিতা বলেন, এলাকার বেশিরভাগ মানুষ দুঃস্থ। সকালে হলেই অভিভাবকরা কাজে চলে যান। অভিভাবকরা বাড়িতে না থাকায় ছাত্ররা স্কুল কামাই করে। আমরা বিষয়টি দেখছি। স্কুলছুট কমাতে এবং পড়ুয়ার উপস্থিতি বাড়াতে শিক্ষিকাদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দেন পুরকর্তারা। 
পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, পড়ুয়াদের স্কুলমুখী করতে হবে। যে কেন্দ্রে পরিকাঠামোগত ঘাটতি রয়েছে, তা আলোচনা করে সমাধান করা হবে। মালদহ সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ বলেন, শহরের শিশু শিক্ষা কেন্দ্রগুলি পুরসভার অধীনে। আমরা শুধু বই দিই। বাকি বিষয়গুলি স্থানীয় পুরসভা খতিয়ে দেখবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ