Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

স্কুলে পঠনপাঠনের পরিবেশ ফেরানোর দাবিতে খড়্গপুরে ছাত্রছাত্রীদের অবস্থান

স্কুলে পঠনপাঠনের পরিবেশ ফেরানোর দাবিতে খড়্গপুরে ছাত্রছাত্রীদের অবস্থান
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেদিনীপুর: স্কুলে সুষ্ঠু পঠনপাঠনের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এমনই দাবিতে শিক্ষকদের স্কুলে ঢুকতে না দিয়ে বাইরে অবস্থানে বসল পড়ুয়ারা। এব্যাপারে তারা শিক্ষাদপ্তরের হস্তক্ষেপও দাবি করে। বৃহস্পতিবার খড়্গপুর গ্রামীণ এলাকার চাঙ্গোয়াল কন্দর্পপুর প্রণবেশ বিদ্যায়তনের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বৃহস্পতিবার সকাল থেকে অবস্থান শুরু হয়। অবস্থানে মূলত একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা অংশ নেয়। তাদের সঙ্গেই অভিভাবক, প্রাক্তন ছাত্রদেরও দেখা গিয়েছে। 
Advertisement
প্রধান শিক্ষক গৌরীশঙ্কর সেন বলেন, এদিন আমাদের কাউকে স্কুলে ঢুকতে দেয়নি। ওদের দাবি শিক্ষার পরিবেশ ঠিকঠাক রাখতে হবে। জেলা বিদ্যালয় পরিদর্শক বা স্কুল পরিদর্শককে বিদ্যালয়ের পরিবেশ ঠিক করার দাবি জানায়। পূর্বের একটি ঘটনার কথাও তারা তুলে ধরছে। জেলা বিদ্যালয় পরিদর্শক স্বপন সামন্ত বলেন, বিষয়টি খড়্গপুরের সহ পরিদর্শককে দেখতে বলা হয়েছে। 
অভিযোগ, কয়েকদিন আগে কোনও একটি বিষয় নিয়ে স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন। চিৎকার চেঁচামেচিতে এক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে হয়। বিষয়টা থানা পর্যন্ত গড়ায়। পড়ুয়া ও অভিভাবকদের অভিযোগ, তারপর থেকে শিক্ষকরা নিজেদের মধ্যে কলহেই ব্যস্ত থাকেন। পঠনপাঠনে ব্যাঘাত ঘটছে। পঠনপাঠনের সুষ্ঠু পরিবেশ নেই। এই অচলাবস্থা কাটিয়ে স্কুলকে সচল করার দাবি জানানো হয়। স্কুলের সামনে এই দাবিতে ফেস্টুনও টাঙানো হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ