নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাউন্সেলিং হয়ে যাওয়া সত্ত্বেও স্কুলের পরিচালন কমিটি না-থাকায় কাজে যোগ দিতে পারছেন না উচ্চ প্রাথমিকের বহু শিক্ষক। এই অভিযোগ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পৌঁছেছে শিক্ষা দপ্তরেও। সোমবার বিকাশ ভবনের এক শীর্ষকর্তা বলেন, এই সমস্যা মেটাতে ওই স্কুলগুলিতে প্রশাসক নিয়োগ করা হবে। তবে, শূন্যপদ সংক্রান্ত বিভিন্ন ভুলভ্রান্তির জেরে নিয়োগ আটকে থাকা শিক্ষকদের যোগদানের জন্য কোনও অর্ডার আপাতত জারি করছে না বিকাশ ভবন। ওই কর্তার কথায়, সমস্যাগুলি ব্যক্তিভেদে ভিন্ন। তাই একটি অর্ডার জারি করে সেগুলির সমাধান করা সম্ভব নয়। বরং ডিআইদের বলা হচ্ছে, এমন কোনও সমস্যর কথা জানা গেলে দ্রুত তার সমাধানের উদ্যোগ নিতে হবে। উল্লেখ্য, চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে দ্বিতীয় দফার কাউন্সেলিং শুরু করবে কমিশন।



