Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুলে অনুপস্থিত, অনলাইনে বাড়িতে ক্লাস করবে পড়ুয়ারা

স্কুলে অনুপস্থিত, অনলাইনে বাড়িতে ক্লাস করবে পড়ুয়ারা
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পেট গড়বড় করছে। কিংবা অল্প জ্বর। স্কুল যাওয়া সম্ভবই হচ্ছে না শিশুটির। এরকম তো আকছারই হয়। আর স্কুলও কামাই হয়। তবে সেরকম হলে এবার আর চিন্তা করতে হবে না। ঘরে বসে অনলাইন ক্লাসে অংশ নিতে পারবে তারা। সেটাও যদি কেউ করতে না পারে তাহলে ক্লাসে কী পড়ানো হল, তার রেকর্ডিং ডাউনলোড করে পরে দেখে নিতে পারবে ছাত্র-ছাত্রীরা। এমন ব্যবস্থা শুরু করছে ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। 
Advertisement
জানুয়ারি থেকেই এই ব্যবস্থা শুরু করতে চলেছে ফলতা স্কুল। প্রধান শিক্ষক তিলক নস্কর বলেন, ‘অনেক সময় ছাত্র-ছাত্রীরা স্কুলে আসতে পারে না। কেউ মামাবাড়ি যায় তো কেউ শরীর খারাপের জন্য অনুপস্থিত থাকে। তারপর তাদের পড়া মেকআপ করাতে আলাদা বন্দোবস্ত করতে হয়। এবার যে ব্যবস্থা করা হচ্ছে তার মাধ্যমে পড়ুয়ারা স্কুলে না আসলেও বাড়ি বসে ক্লাসে অংশ নিতে পারবে।’ অনেকের বক্তব্য, সব ছাত্র-ছাত্রীর বাড়ি স্মার্ট ফোন বা ল্যাপটপ-কম্পিউটার নেই। সে ক্ষেত্রে কী হবে? প্রধান শিক্ষক বলেন, ‘যখন অনলাইন ক্লাস হতো তখন যাদের এসব ছিল না তারা বন্ধু-বান্ধবদের বাড়ি গিয়ে একসঙ্গে ক্লাস করে নিত। এখন অনেকের হাতেই স্মার্ট ফোন রয়েছে। ফলে সমস্যা হবে না বলেই আশা করছি।’ স্কুল সূত্রে জানা গিয়েছে, পাঁচটি ক্লাস রুমে ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। তৈরি হচ্ছে নয়া ওয়েবসাইট। প্রতি ক্লাসের জন্য থাকবে আলাদা আলাদা লিঙ্ক। স্কুল শুরুর আগে দেখে নেওয়া হবে কারা সেদিন অনুপস্থিত। তারপর সেই মত গরহাজির পড়ুয়াদের অভিভাবকদের মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে লিঙ্ক। তাতে ক্লিক করে শিক্ষকদের পড়া শুনতে পারবে পড়ুয়ারা। প্রতিটি ক্লাসের পঠনপাঠন রেকর্ডিং করা হবে। সেটি ওয়েবসাইটে আপলোড করে দেবে স্কুল কর্তৃপক্ষ। সেটা দিনের দিন ডাউনলোড করা যাবে না। কিন্তু পরের দিন ডাউনলোড করে দেখে নিতে পারবে পড়ুয়ারা। 
সম্পর্কিত সংবাদ