নয়াদিল্লি: রাজধানীতে প্রবল ঠান্ডার মধ্যে চিন্তা বাড়ল দূষণ। ফের বাড়তে শুরু করেছে বাতাসে দূষণের মাত্রা। ফলে আবার কড়াকড়ি জারি হচ্ছে দিল্লিতে। মঙ্গলবার থেকে দিল্লি-এনসিআরে কার্যকর হচ্ছে জিআরএপি-৩ (গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩)। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। সেইসঙ্গে দিল্লি-এনসিআরে স্কুলগুলিতে ‘হাইব্রিড’ মডেলে পঠনপাঠনের আর্জি জানানো হয়েছে। অর্থাৎ অভিভাবকরা চাইলে সন্তানদের স্কুলে পাঠাতে পারেন বা বাড়ি থেকে অনলাইনে পঠনপাঠনের সুবিধা নিতে পারেন। পাশাপাশি, বিএস-৪ মডেলের নীচে কোনও গাড়ি চালানো যাবে না দিল্লির রাস্তায়।
Advertisement
সোমবার সকালে দিল্লির তাপমাত্রা ছিল ৪.৫ থেকে ৫ ডিগ্রির মধ্যে। বাতাসের দূষণের মাত্রাও রবিবারের তুলনায় ছিল বেশি। এদিন সকালে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৩৩৪ পরিমাপ করা হয় । দুপুর দু’টো নাগাদ তা পৌঁছে যায় ৩৬৭-তে। যেটি ‘খুব খারাপ’ পর্যায়ের মধ্যে পড়ে। অথচ রবিবার সকাল সাতটায় একিউআই ছিল ২৪৬। এই পরিস্থিতিতে রাজধানীতে কঠোর নির্দেশিকা চালু করার কথা বলে দূষণ নিয়ন্ত্রক পর্ষদ। দিল্লি, গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজ়িয়াবাদ এবং গৌতমবুদ্ধ নগরের স্কুলগুলির উচিত জিআরএপি-৩ সতর্কতা মেনে চলা। পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুলগুলিতে অফলাইনের পাশাপাশি অনলাইন ক্লাসের ব্যবস্থা চালু করতে হবে। বাচ্চাদের স্কুলে পাঠাবেন, না অনলাইনে ক্লাস করাবেন, এব্যাপারে সিদ্ধান্ত নেবেন অভিভাবকেরা।



