নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: স্কুলের পরিকাঠামো, প্রধান শিক্ষকের দুর্নীতি সহ একাধিক ইস্যুতে অভিভাবকদের বিক্ষোভে উত্তাল হল মগরাহাট পশ্চিম বিধানসভার মড়াপাই সেন্ট প্যাট্রিক স্কুল চত্বর। শনিবার দুপুরে অভিভাবকরা প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে মিছিল করেন। এদিনই স্কুলের পরিচালন সমিতির বৈঠক ছিল। গোলমালের আশঙ্কায় সেই বৈঠক বাতিল করা হয়। প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য, টাকা-পয়সা নিয়ে নানা দুর্নীতি হয়েছে স্কুলে। প্রধান শিক্ষক আব্দুল মোতিন মল্লিক অবশ্য বলেন, ‘যেসব অভিযোগ তোলা হচ্ছে, সবই ভিত্তিহীন। এক শ্রেণির মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে।’



