Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গোপীবল্লভপুরে ক্যানেলপাড় থেকে উদ্ধার নরকঙ্কাল

গোপীবল্লভপুরে ক্যানেলপাড় থেকে উদ্ধার নরকঙ্কাল
  • ৭ মার্চ, ২০২৫ ১২:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: গোপীবল্লভপুর-১ ব্লক থেকে একটি নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। বুধবার রাতে আলমপুর গ্ৰাম পঞ্চায়েতের বংশীধরপুর এলাকার কয়েকজন যুবক স্থানীয় ক্যানেল পাড়ে কঙ্কালটি পড়ে থাকতে দেখেন। গোপীবল্লভপুর থানার পুলিস খবর পেয়ে রাতেই কঙ্কালটি উদ্ধার করে। স্থানীয় এক বাসিন্দা কঙ্কালটি তাঁর নিখোঁজ হওয়া বাবার বলে দাবি করেছেন। এলাকায় যা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

বৃহস্পতিবার সকালে কঙ্কাল উদ্ধারের খবর সামনে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বংশীধরপুর গ্ৰামের বাসিন্দা দুলাল লোহার বলেন, আমার বাবা বাদল লোহারের ৭৭ বছর বয়স হয়েছিল। কিছুদিন আগে চোখ অপারেশন হয়। তারপর থেকে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। গত ২১ জানুয়ারি বাবা নিখোঁজ হয়ে যান। খোঁজখবর করেও বাবার কোন সন্ধান পাইনি। এরপর গোপীবল্লভপুর থানায় নিখোঁজ ডায়েরি করি। ওইদিন রাতে কঙ্কাল উদ্ধারের খবর পাই। কঙ্কালটি দেখে আমার বাবার বলে মনে হচ্ছে। থানা থেকে বলা হয়েছে, ফরেনসিক রিপোর্ট না পাওয়া পর্যন্ত কঙ্কালটি আমাদের হাতে তুলে দেওয়া হবে না। 
এলাকার বাসিন্দা অরূপ সুঁই বলেন, কঙ্কাল উদ্ধারের ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। ক্যানেল পাড়ে পড়ে থাকা কঙ্কালটি এতদিন কেন কারও চোখে পড়ল না, সেটা ভেবেই অবাক লাগছে। স্থানীয় এক বাসিন্দা কঙ্কালটি তাঁর বাবার দাবি করায় নানা প্রশ্ন উঠছে। আমরা চাই পুলিস বিষয়টি তদন্ত করে দেখুক। উদ্ধার হওয়া কঙ্কাল রহস্যের সমাধান করুক। 
গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সরফরাজ বলেন, বুধবার রাতে কঙ্কালটি উদ্ধার হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। স্থানীয় এক বাসিন্দা কঙ্কালটি তাঁর বাবার বলে দাবি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক রিপোর্ট আসার পর তদন্ত প্রক্রিয়ার অগ্ৰগতি হবে।  প্রতীকী চিত্র 

Advertisement
সম্পর্কিত সংবাদ